২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দুর্নীতি দমন বাংলাদেশের জন্যে একটি বড় চ্যালেঞ্জ: আনোয়ার চৌধুরী

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী রোববার বলেছেন, দ্রুত উন্নয়নের জন্যে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে দুর্নীতি দমন একটি বড় চ্যালেঞ্জ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে দুর্নীতি দমন করা গেলে ব্রিটিশ সরকার এবং সেদেশের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে কাজের পরিবেশ পাবে এবং কাজ করতে আগ্রহী হবে।

ঢাকায় বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, আপনারা দুর্নীতির ব্যাপারে কোনো কিছু না করলে আমরা আপনাদের সহায়তা করতে পারবো না। সন্ত্রাস দমনের ক্ষেত্রে আপনারা যেভাবে কাজ করেছেন দুর্নীতি থেকেও সেভাবে বেরিয়ে আসা প্রয়োজন।

হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রধান ক্লিফোর্ড বেব এবং এর বাণিজ্য ও বিনিয়োগ কর্মকর্তা কামরুনন্নাহার আলোচনায় অংশ নেন।

হাই কমিশনার বলেন, আমি এদেশে নতুন ব্রিটিশ বিনিয়োগের জন্যে প্রতিনিয়ত লবি করব। বিশেষ করে বিদ্যুত ও জ্বালানি খাতে।

কয়লা ও বিদ্যুত উৎপাদনে ব্রিটিশ বিনিয়োগ সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন ওই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ব্রিটিশ বিনিয়োগের পরিমাণ দ্বিগুন হয়ে যাবে।

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশ সবচেয়ে বেশী পণ্য রপ্তানি করে থাকে। এই পরিমাণ মোট রপ্তানির ১০ দশমিক ৯০ ভাগ।

দু’দেশের মধ্যে ২০০৪-০৫ সালে বাণিজ্যের পরিমাণ ছিল এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ৯৪০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি ও ২৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে।

বাণিজ্যের এই পরিমান বাড়াতে বাংলাদেশ ও ব্রিটেন একে অপরকে সহযোগিতা করতে পারে।

আনোয়ার চৌধুরী সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ এগিয়ে যেতে পারলে অনেক বেশি সরাসরি বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে পারতো।

এফবিসিসিআই সদস্য এবং ব্যবসায়ী নেতারা মানবসম্পদ, শ্রম, জ্ঞানভিত্তিক অর্থনীতি, পণ্য এবং নকশা উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করেন।