জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিষয়ে সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে সরকার বহুল আলোচিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসবে।
মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির এক বৈঠক থেকে বেরিয়ে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের ব্যাষ্টিক ও সমষ্টিক অর্থনীতির ক্ষেত্রে তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি খুবই স্পর্শকাতর একটি ইস্যু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
অর্থনীতি বিষয়ক মন্ত্রীসভা কমিটি রোববার ছয়টি প্রকল্প অনুমোদন করে। এর মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগের চারটি এবং বাকি দুটি সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা ২০০৩ এর আওতায় গত বছরের হজ ফ্লাইটের জন্যে উড়োজাহাজ লিজ এবং বিশেষ বাহিনীর জন্যে অস্ত্র ও গোলাবারুদ ক্রয় প্রকল্প।
রেলওয়ের প্রকল্পের জন্যে দুটি চাইনিজ এবং ভারত ও ইন্দোনেশিয়ার একটি করে কোম্পানির ২০ শতাংশ কন্ট্রাক্ট অর্থ অগ্রিম প্রদানের অনুমতি দেওয়া হয়।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিবিদ, সাংসদসহ বিভিন্ন পর্যায়ে জ্বালানি সংকটের ব্যাপারে আলোচনা হচ্ছে। যাতে করে সরকার বিশেষত প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন ।
সাইফুর বলেন, জ্বালানি মূল্যে ইস্যুটি এমন নয় যে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। তিনি সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সরকার কি গোপণে তেলের মূল্য বৃদ্ধি করবে।
মন্ত্রী আরো বলেন, বেসরকারি কোম্পানি যদি এই মুহূর্তে পেট্রোলিয়াম সামগ্রীর বিষয়টি দেখাশোনা করে তাহলেও এ সমস্যার সমাধান হবে না।
মুদ্রা বাজারে শেয়ার না ছাড়ায় সাইফুর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সমালোচনা করেন।
তিনি সরকারের বিভিন্ন চাপের কথা উল্লেখ করে বলেন, আমি বুঝতে পারছি না বিপিসি কেন আইপিও শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহ করছে না।
তিনি আরো বলেন, বিভিন্ন দেশে প্রাইভেট সেক্টর জ্বালানি তেলের ইস্যু দেখে থাকে। এখানে সরকারকেই সব কিছু করতে হয়। এক্ষেত্রে তিনি ভারত ও পাকিস্তানের উদাহরণ টানেন।
