গার্মেন্টস শিল্পের সাহায্যে ২ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে বিজিএমইএ
আবাসিক এলাকা থেকে তৈরি পোশাক শিল্প কারখানা সমূহ সরিয়ে নির্দিষ্ট গার্মেন্টস অঞ্চল অথবা নগরের বাইরে স্থাপনের জন্য তৈরি পোশাক রপ্তানিকারকরা ন্যুনতম সুদে দুই হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ বরাদ্দের দাবি জানিয়েছে।
তৈরি পোশাক শিল্পসমূহ তাদের কারখানা পুনঃ স্থাপন এবং অন্যান্য শর্ত পূরণের জন্যে উক্ত পরিমান অর্থ দাবী করেছে বলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ তাদের ২০০৬ -- ০৭ এর প্রাক বাজেট প্রস্তাবে উল্লেখ করেছে।
বিজিএমইএ সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে গার্মেন্টস শিল্পে নানা দুর্যোগ ও বিরূপ পরিস্থিতির কারণে ক্রেতা গোষ্ঠি এবং আমদানিকারকরা বিভিন্ন সামাজিক, শ্রমিক ও শিল্প সংক্রান্ত বিভিন্ন শর্ত পূরণে চাপ দিয়ে আসছে। কোটা পরবর্তী পরিস্থিতিতে বানিজ্যের সাথে জড়িত গুরুত্বপূর্ণ এসব বিষয় বিশেষ করে কারখানা পুনঃ স্থাপন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে বলে সূত্র জানায়।
কারখানা সরিয়ে নিতে গেলে বেশিরভাগ ভবনই পুনঃনির্মাণ করতে হবে। আর এ জন্যে বিভিন্ন নির্মাণ সামগ্রী যেমন- লোহা, ইস্পাত, এমএস রড, অ্যালুমিনিয়ামসহ অন্যন্য সামগ্রী বিনা শুল্কে আমদানির অনুমতি দরকার। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পেশকৃত ২০০৭ সালের বাজেট প্রস্তাবে এসবই উল্লেখ করেছে বিজিএমইএ।
এ ব্যাপারে রাজস্ব বোর্ডের সাথে আগামী সপ্তাহে আলোচনা হবে বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।
প্রস্তাবে ইপিজেডে স্থাপিত কারখানা সমূহের জন্যে বরাদ্দ সুযোগ সুবিধা দাবী করে বিজিএমই্ উল্লেখ করে, ইপিজেডের বাইরে অবস্থিত শতভাগ রাপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানাগুলোকে ইপিজেডের কারখানাসমূহের মতই বিনাশুল্কে বিভিন্ন সামগ্রী আমদানির অনুমতি দেওয়া উচিত।
অগ্নিকা- থেকে গার্মেন্টস ও শ্রমিকদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্যে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি, হোসপাইপ, স্মোক ডিটেক্টর, চার্জ টর্চ ছাড়াও সেলাই ও কাটিং মেশিন, স্পেয়ার পার্টস, বয়লার মেশিন আমদানি শুল্কমুক্ত করা উচিত।
প্রস্তাবে বিজিএমইএ পরবর্তী বছরেও নগদ ভর্তুকি প্রদান অব্যাহত এবং গার্মেন্টস কারখানাগুলোকে রক্ষার জন্যে কর অবকাশ সুবিধা প্রদানেরও দাবি জানিয়েছে। বর্তমানে রপ্তানিমুখী বস্ত্র কারখানাগুলোকে শতকরা পাঁচ ভাগ নগদ ভর্তুকি সুবিধা দেওয়া হয়। ভর্তুকি সহায়তা ৩০ জুন এবং কর অবকাশ সুবিধা ২০০৮ এর জুনে শেষ হবে।
জুলাই--ফেব্রুয়ারিতে ওভেন শিল্পে রপ্তানি বৃদ্ধি পেয়েছে শতকরা আট দশমিক ৩৫ ভাগ এবং এ থেকে অর্জিত আয়ের পরিমাণ দুই হাজার ৬১৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। এটি মোট রপ্তানির শতকরা ৪০ ভাগ। বর্তমানে দেশে চার হাজারেরও বেশি নিটওয়্যার কারখানা চালু রয়েছে।
