সারাদেশে জ্বালানি তেলের তীব্র সঙ্কট, সরকারের অস্বীকৃতি
দেশের বিভিন্ন তেল ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় তেল সঙ্কট তীব্র আকার ধারণ করছে। আর এর ফলে আন্তঃজেলা যান চলাচল প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। যদিও সরকার শনিবার তেল সঙ্কটের কথা অস্বীকার করেছে।
বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান, সরকার দলীয় সাংসদ জিএম সিরাজ বলেন, জ্বালানি তেলের অভাবে প্রায় ৬০ শতাংশ যান চলাচল বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, জ্বালানি তেল সরবরাহের বর্তমানের পরিস্থিতি অপরিবর্তিত থাকলে যানবাহন চলাচল পরিস্থিতির আরো অবনতি ঘটবে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন ও কৃষি খাত।
জ্বালানি তেল সরবরাহে সঙ্কটের কারণে রাজধানীতে যানবাহনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি এম নাজমুল হক দাবি করে বলেছেন, জ্বালানি তেল না থাকায় শনিবার রাজধানীর ৮০ শতাংশ ফিলিং স্টেশন বন্ধ ছিল।
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেলের সঙ্কটের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।
নাজমুল হক বলেন, শনিবার ও শুক্রবার কোনো জ্বালানি তেলের সরবরাহ না করতে সরকার ডিপোগুলোর প্রতি নির্দেশ দেওয়ার মাধ্যমে কড়াকড়ি আরোপ করেছে।
তিনি বলেন, সপ্তাহের শেষের দিন বৃহস্পতিবারে ব্যাপক ব্যস্ততার কারণে অনেক পাম্প জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে পারেনি। এখন শনিবার ও শুক্রবার জ্বালানি তেলের কোনো সরবরাহ নেই। পাশাপাশি ১ মে আন্তর্জাতিক শ্রম দিবসের কারণে সোমবারও তেল সরবরাহ বন্ধ থাকবে। এসব মিলে দেশে জ্বালানি তেলের ব্যাপক সঙ্কট সৃষ্টি হবে বলে তিনি জানান।
পাম্প মালিকরা বলেছেন, জ্বালানির মজুদের ঘাটতি অথবা দাম সমন্বয় করার সম্ভাবনার প্রেক্ষিতে শনিবার জ্বালানি তেল সরবরাহের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
শনিবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, পাম্পগুলোতে ডিজেল নেই। এর ফলে আন্তঃজেলা যানবাহনসমূহ ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু ডিজেলই নয় অকটেনের ক্ষেত্রেও ঘাটতি দেখা দিয়েছে।
তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান নিলু বলেন, আমাদের কাছে শুধু পেট্রোল রয়েছে। পুলিশের মতো বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের কাছেই আমরা বিক্রি করছি। এছাড়া একবারে আমরা একজনের কাছে পাঁচ লিটারের বেশি পেট্রোল বিক্রি করতে পারছি না।
শনিবার ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্তকে পাম্প মালিকরা নজিরবিহীন বলে আখ্যায়িত করলেও জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, এটা আদৌ নতুন কোনো সিদ্ধান্ত নয়।
তিনি বলেন, ইরি মৌসুমে আমরা কেবল শনিবারেই ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করেছি। এখন ইরি মৌসুম শেষ। আর তাই সিদ্ধান্ত আবার আরোপ করা হয়েছে।
অপরদিকে নাজমুল হক বলেছেন, কোনো সপ্তাহে জাতীয় ছুটির দিন থাকার পরও গত ৩০ বছরে ডিপো থেকে সপ্তাহের ছয়দিন জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, সরকার যেখানে দু’দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে, সেখানে উপদেষ্টা শনিবারেও তেল সরবরাহ বন্ধ রাখার চেষ্টা করেছেন। কিন্তু পাম্পগুলোর চারদিন তেল মজুদ রাখার মতো ক্ষমতা নেই বলে আমরা তাকে জানানোর পর তিনি (উপদেষ্টা) তার অবস্থান থেকে সরে আসেন।
পাম্প মালিক সমিতির সভাপতি বলেন, জ্বালানি তেলের অপব্যবহার যাতে না হয় ও তেল যাতে পাচার হতে না যেতে পারে সে জন্যে সরকার অবশ্যই তদারকি অব্যাহত রাখবে। কিন্তু সরকারকে প্রথমে তেল সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। কোনো সরবরাহ না থাকলে সরকার কি তদারকি করবে।
তিনি বলেন, ব্যবসায়ীদের প্রতি হুমকি দেওয়ার পরিবর্তে জ্বালানি উপদেষ্টাকে তেল সরবরাহের নিশ্চয়তা দিতে হবে।
এদিকে জ্বালানি উপদেষ্টা শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বৈঠক থেকে বেরিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানির কোনো ঘাটতি নেই। এ মূহূর্তে আমাদের কাছে ২০০,০০০ টন তেল মজুদ রয়েছে।
চট্টগ্রামের মজুদ থেকে পরবর্তী সাতদিন তেল সরবরাহ করতে ও কঠোর তদারকি বজায় রাখতে তিনি বিপিসি কর্মকর্তাদের নির্দেশ দেন।
নিজেদের কাছে সর্বশেষ কি পরিমাণ তেল মজুদ রয়েছে ও কি পরিমাণ তেল বিক্রি হয়েছে তা উল্লেখ করতে সকল ফিলিং স্টেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মাহমুদুর রহমান বলেছেন, তেল আমদানির জন্যে সরকার জনতা ব্যাংকে ১৪০ কোটি টাকার ঋণপত্র খুলবে।
