মরিশাস ভ্রমণে আরএএসএল’র গ্রীষ্মকালীন প্যাকেজ
চারটি আন্তর্জাতিক অফলাইন এয়ারলাইন্সের বাংলাদেশস্থ জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) রেনেসাঁ অ্যাভিয়েশন সার্ভিসেস লিমিটেড (আরএএসএল) শনিবার মরিশাস, কায়রো, বালি ও দক্ষিণ আফ্রিকা ভ্রমণে আগ্রহীদের জন্যে গ্রীষ্মকালীন প্যাকেজ ঘোষণা করেছে।
ঢাকায় ওয়াশিংটন হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জিএসএ’র নির্বাহী পরিচালক গাজী সালাহউদ্দিন বলেন, আরএএস হলিডে কর্মসূচির আওতায় বাংলাদেশের যারা বিশ্বব্যাপী পরিচিত এ পর্যটনস্থলে ভ্রমণ করতে চান তাদের জন্যে আমরা আকর্ষণীয় এ প্যাকেজ ঘোষণা করেছি।
তিনি বলেন, ভ্রমণকারীদের জন্যে আরএএসএল মরিশাস ও দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ায় সেবা প্রদান করবে।
এয়ার মরিশাসের জিএসএ আরএএসএল’র ৯৯৯ মার্কিন ডলারে ছয় দিন/ পাঁচ রাতের এ প্যাকেজের আওতায় থাকবে আসা--যাওয়ার টিকেট, পাঁচ রাত থাকা, প্রতিদিনের সকালের নাস্তা ও ডিনার এবং তিনদিন পর্যটন এলাকা ঘুরে দেখার সুবিধা।
ইজিপ্ট এয়ারের জিএসএ গুরুদা ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা এয়ারলাইন্স। দক্ষিণ আফ্রিকা ও মিশরের কায়রো এবং ইন্দোনেশিয়ার বালি ভ্রমণে আগ্রহী বাংলাদেশীদের জন্যে প্যাকেজ ঘোষণা করেছে আরএএসএল।
আরএএসএল’র ঊর্ধ্বতন বিক্রয় নির্বাহী সাঈদ আহমেদ বলেন, বর্তমানে মরিশাসে বাংলাদেশী ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। বছরে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশী মরিশাস ভ্রমণ করে থাকে।
বর্তমানে বাংলাদেশে ১৭ টি অনলাইন ও ৩৫ টি অফলাইন এয়ারলাইন্স তাদের বিমান পরিবহন ব্যবস্থা দিচ্ছে।
