বঙ্গবন্ধুর ৬ হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনতে লিগ্যাল নোটিশ জারি
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছয় হত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা গ্রহণ করতে সরকারকে আইনী নোটিশ দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ হত্যাকারীরা অবস্থান করছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মঞ্জিল মুর্শিদ ২৬ এপ্রিল এই ‘ডিমান্ড জাস্টিস নোটিশ’ শিরোনামে লিগ্যাল নোটিশটি পাঠান। নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দেশে অবস্থানকারী বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের, চার দিনের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে বলা হয়।
নোটিশে অ্যাড. মঞ্জিল মুর্শিদ ওই মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান এবং সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশ পালনে ব্যার্থ হলে, সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হবে বলেও তিনি সতর্ক করে দেন।
অ্যাড. মুঞ্জিল মুর্শিদ শুক্রবার বিডিনিউজকে বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে ব্যাবস্থা না নেওয়া ও ব্যার্থতা চ্যালেঞ্জ করে এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য তিনি হাইকোর্টে একটি রীট পিটিশন দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করতে এবং তাদেরকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা গ্রহণ করতে ওই বিষয়ে দায়িত্বপ্রাপ্তরা বাধ্য। যদি দায়িত্বশীলরা নির্দিষ্ট সময়ের মধ্যে জাতির পিতার হত্যাকারীদের ফিরিয়ে আনতে কোন পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে হাইকোর্টে সরকারের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করা হবে।
লিগাল নোটিশে স্বরাষ্ট্র ও পরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক), মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এবং ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি)কে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয় বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে তার পরিবারের সাত সদস্যসহ তার ৬৪৭, ধানমন্ডি আবাসিক এলাকা, রোড নং-৩২, ঢাকা ঠিকানার বাসভবনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়।
নির্মম ওই হত্যার প্রায় ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর হত্যাকারীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ১৯৯৭ সালের ৬ অক্টোবর ঢাকা দায়রা জজ আদালতে মামলার বিচারকাজ শুরু হয় এবং মামলার মাত্র পাঁচজন আসামী মামলা চলাকালে উপস্থিত ছিলো।
১৯৯৭ সালের ৩০ এপ্রিল মামলার চূড়ান্ত বিচারে হাইকোর্ট অভিযুক্তদের ১২ জনকে মৃত্যুদন্ড দেন। এরা হলো লে. কর্নেল ফারুক রহমান (অব.), লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান (অব.), লে. কর্নেল খন্দকার আব্দুর রশীদ (অব.), মেজর বজলুল হুদা (অব.), লে. কর্নেল শরিফুল হক ডালিম (অব.), লে. কর্নেল এএম রশীদ চৌধুরী (অব.), লে. কর্নেল একেএম মহিউদ্দিন (অব.), লে. কর্নেল এসএইচবিএম নূর চৌধুরী (অব.), লে. কর্নেল আব্দুল আজিজ পাশা (অব.), ক্যাপ্টেন আব্দুল মজীদ (অব.), লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (অব.) এবং রিসালদার মুসলেহউদ্দিন (অব.)।
দন্ডপ্রাপ্তদের মধ্যে লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান (অব.), লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান (অব.), মেজর বজলূল হুদা (অব.) এবং লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ সহ মাত্র চার জন বর্তমানে কারাধীন রয়েছে।
লে. কর্নেল আব্দুল আজিজ পাশা (অব.) এবং রিসালদার মুসলেহউদ্দিন (অব.)’র ইতিমধ্যে বিদেশে অবস্থানকালে মৃত্যু হয়েছে বলে সূত্র জানায়। দন্ডপ্রাপ্ত পলাতক আসামিরা বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতে অবস্থান করছে।
