২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিটওয়্যার খাতের জন্যে নগদ ভর্তুকি প্রদানের দাবি প্রত্যাখ্যান করলেন অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার নিটওয়্যার খাতের জন্যে ১৫ শতাংশ নগদ ভর্তুকি প্রদানের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ভর্তুকি শিল্পের প্রতিযোগিতাশীলতা নষ্ট করে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় নিটওয়্যার কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান বলেন, প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে শিল্প প্রতিষ্ঠান ভালো নৈপূণ্য প্রদর্শন করতে পারে। যখন ভর্তুকি দেওয়া হয় তখন একটি শিল্প ইউনিটের প্রতিযোগিতাশীলতা নষ্ট হয়ে যায়।

অর্থমন্ত্রী বলেন, ভর্তূকি ছাড়া শিল্প প্রতিষ্ঠান ভালো নৈপূণ্য প্রদর্শন করতে পারে। বিশ্ব বাজারে টিকে থাকতে হলে উদ্যোক্তাদের প্রতিযোগিতার মানসিকতা নিয়ে অগ্রসর হতে হবে।

২০০৫ সালের আগে ওভেন পোশাকের ক্ষেত্রে কোটা সুবিধার বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ওভেন পোশাক খাতে কোনো কোটা পদ্ধতি না থাকলে তারা আরো ভালো করতে পারতো।

তিনি বলেন, কোটামুক্ত বাজারে ধসের আশঙ্কা থাকলেও আন্তর্জাতিক প্রতিযোগিতাশীলতা অর্জনে উদ্যোক্তাদের প্রয়াসের প্রেক্ষিতে নিটওয়্যার খাত গত কয়েক বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

এ খাত থেকে চলতি অর্থবছরে ৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন । পূর্ববর্তী অর্থবছরে এ খাতে রপ্তানি আয় হয়েছিল ২ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রী বলেন, ক্রেতাদের আকর্ষণ করার ক্ষেত্রে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শ্রমিকদেরকে আপনাদের প্রবৃদ্ধির অংশীদারী করতে হলে তাদের কল্যাণের দিকটি অবশ্যই বিবেচনা করতে হবে।

তিনি বলেন, বিএসসিআইসি শিল্প পার্কে কর্মরত শ্রমিকদের সহজ চলাচলের সুবিধার্থে তার মন্ত্রণালয় বিকল্প সংযোগ সড়ক ও ব্রিজ নির্মাণের জন্যে তহবিল বরাদ্দ দেবে।

বিএসসিআইসি শিল্প পার্কে বর্তমানে শতাধিক নিটওয়্যার কারখানা সচল রয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু বলেন, স্থানীয় নিটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মূল্য সংযোজক কর (ভ্যাট) অব্যাহতি সুবিধা পায় না। অপরদিকে আমদানিকৃত নিটওয়্যার পণ্য ভ্যাট অব্যাহতি পেয়ে থাকে। বিষয়টি দেখার জন্য তিনি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোঃ ফজলুল হক বলেন, আমরা ভারতের রপ্তানিকারকদের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি। প্রতিযোগিতায় টিকে থাকতে ১৫ শতাংশ নগদ ভর্তুকি দেওয়া প্রয়োজন। ভারতের নিটওয়্যার রপ্তানিকারদেরকে নয়াদিল্লি সরকার ২৫ শতাংশ নগদ ভর্তুকি প্রদানের ঘোষণা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বনিু সুদে ঋণ প্রদান, নতুন নিটওয়্যার প্লান্টের জন্যে পাঁচ বছরের জন্যে কর অবকাশ সুবিধা নিশ্চিত করা এবং ২৫টির মতো রুগ্ন নিটওয়্যার প্রতিষ্ঠানের কার্যক্রম আবার শুরু করতে পদক্ষেপ নিতে জন্য বিকেএমইএ সভাপতি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম, গিয়াসউদ্দিন এমপি, আবুল কালাম এমপি ও বাণিজ্যসচিব এমএ করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।