রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিচালনা কার্যক্রম উন্নয়নে আরও বেশি ক্ষমতা প্রদানে বিশ্বব্যাংকের সুপারিশ
জাতীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে মানবসম্পদ ও পরিচালনা কার্যক্রম উন্নয়নে আরও বেশি ক্ষমতা প্রদানের ব্যাপারে সুপারিশ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের কান্ট্রি অফিস পরিদর্শন মিশনের প্রতিবেদনের উল্লেখ করে জানায়, সুনির্দিষ্ট ও পর্যবেক্ষণমূলক কার্যক্রম নির্দেশের লক্ষ্যে জাতীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের আরও বেশি ক্ষমতা প্রদানের সুপারিশ করা হয়েছে।
বিশ্বব্যাংক মিশনের প্রতিবেদনে কর্মচারীদের সংগঠন, কার্যপ্রক্রিয়ার উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারের মতো নতুন প্রক্রিয়ার সাথে পরিচিতি গড়ে তোলার মতো কার্যক্রম যাতে বাস্তবায়িত হতে পারে সেজন্য জাতীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির ক্ষেত্রে পর্যাপ্ত নমনীয়তা প্রদর্শনের ব্যাপারেও সুপারিশ করা হয়।
বিশ্বব্যাংক ২০০৫ সালে তিনটি পরিদর্শন মিশন পরিচালনা করে এবং ২০০৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে আবার বাংলাদেশ সফর করে। সর্বশেষ মিশনে আগের পরিদর্শন মিশনের সিদ্ধান্তকে আরও নিশ্চিত করা হয়।
বিশ্বব্যাংক ব্যাংকিং, হিসাব ও ব্যবসায় দক্ষ ও অভিজ্ঞ কমপক্ষে দুজন পরিচালক নিয়ে জাতীয় বাণিজ্যিক ব্যাংক বোর্ড পুনর্গঠনেরও সুপারিশ করেছে।
সরকারি প্রতিষ্ঠান জাতীয় বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলোর যে লোকসান করেছে তা পুষিয়ে দেওয়ার জন্যও বিশ্বব্যাংকের পরিদর্শন মিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।
পরিদর্শন মিশনে ব্যাংকগুলোর প্রশাসনিক সংকট মোচন, ঋণ পরিশোধ ত্বরান্বিতকরণ, কর্মচারীদের মাধ্যমে পরিচালনা কার্যক্রমের উন্নয়ন ও শাখা ব্যবস্থাপনার উন্নয়নের ব্যাপারেও সুপারিশ করা হয়।
উদ্যোগ বিকাশ ও ব্যাংক আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংক ২০০৪ সালের জুন মাসে সরকারকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দেয়।
এ প্রকল্পের আওতায় অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল চারটি জাতীয় বাণিজ্যিক ব্যাংকের একটি রূপালী ব্যাংক বেসরকারিকরণে উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সম্পৃক্তকরণ, এছাড়া সোনালী, জনতা ও অগ্রণী এ তিনটি জাতীয় বাণিজ্যিক ব্যাংককে বেসরকারিকরণের আগে পুনর্বিন্যাসের লক্ষ্যে ব্যবস্থাপনা সহযোগিতা প্রদান।
সে অনুযায়ী চারটি জাতীয় বাণিজ্যিক ব্যাংককে সহযোগিতার জন্য চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়।
বিশ্বব্যাংক মিশনে উল্লেখ করা হয়, রূপালী ব্যাংক বিক্রয়ে রোডশো আয়োজনের ক্ষেত্রে বিক্রয় উপদেষ্টা সফল হয়েছেন।
বিক্রয়ের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে দশটি আগ্রহ প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশের দুটি এবং বাকি আটটি প্রস্তাব এসেছে ওমান, নেদারল্যান্ডস, সৌদি আরব, মালয়েশিয়া, ভারত ও যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের কাছ থেকে।
আশা করা হচ্ছে এ সংক্রান্ত কার্যক্রম ২০০৬ সালের জুলাইয়ের মধ্যে শেষ করা সম্ভব হবে।
ব্যাংক আধুনিকায়ন প্রকল্পের আওতায় সরকার চারটি জাতীয় বাণিজ্যিক ব্যাংক সংস্কারের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বব্যাংকের সুপারিশে বলা হয়েছে, রূপালী ব্যাংক বেসরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। চারটি জাতীয় বাণিজ্যিক ব্যাংক সংস্কারের প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং একটি ব্যাপার। এক্ষেত্রে সাফল্য নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিতে হবে।
