তেলের মূল্য নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে চান সংসদ সদস্যরা
সংসদ সদস্যরা বুধবার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থেকে তেলের মূল্যবৃদ্ধির মতো স্পর্শকাতর ইস্যুটির সমাধানে একটি গ্রহণযোগ্য কৌশল প্রণয়ন করতে বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া উচিৎ।
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এবং সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বাজেটপূর্ববর্তী বৈঠকে এ মন্তব্য করা হয়।
জাতীয় পার্টির (এরশাদ) সংসদ সদস্য ও অর্থ বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য মশিউর রহমান বৈঠকের পর সাংবাদিকদের বলেন, সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার জন্য তেলের মূল্যের বিষয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া উচিৎ।
অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা এড়াতে এমপিরা তেলের দাম বৃদ্ধি না করতে সরকারকে উপদেশ দিয়েছেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমান বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিধায় বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে না।
তিনি বলেন, আমরা পরবর্তীতে এ নিয়ে নীতিনির্ধারকদের সাথে আলোচনা করবো। যাতে করে আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে সতর্কতার সাথে উপদেশ দিতে পারি।
বৈঠকে দরিদ্র জনগণের মাঝে র্যাশনিং পদ্ধতিতে ডিজেল প্রদান ব্যবস্থার সূত্রপাতের পাশাপাশি বিদ্যুৎ সংকট এবং ব্যক্তিগত সম্পত্তি, দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ব্যাপারে দেওয়া মন্ত্রী ও এমপিদের বিবৃতি নিয়ে আলোচনা হয়।
সাইফুর রহমান বলেন, নেতৃস্থানীয় অর্থনীতিবিদরা মঙ্গলবার যে মতামত ব্যক্ত করেছেন, এমপিরাও একই মতামত দিয়েছেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য ইস্যুতে বিরোধী দলের এমপিদের দেওয়া মতামতেও আমি সন্তুষ্ট। আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে তারাও উদ্বিগ্ন।
তিনি বলেন, মূল্যবৃদ্ধির বিষয়টিকে এমপিরা জরুরি একটি বিষয় হিসেবেই দেখেছেন। আর এর প্রেক্ষিতে যে পদক্ষেপে নেয়া হোক না তা যেন দরিদ্র জনগোষ্ঠীর জন্য ক্ষতিকর না হয়ে দাঁড়ায় সে বিষয় তারা মতামত দিয়েছেন।
সাইফুর রহমান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য রেশনিংয়ের মতো বিভিন্ন বিশেষ সুযোগসুবিধা ব্যবস্থার সূত্রপাত করতে এমপিরা উপদেশ দিয়েছেন।
মুশফিকুর রহমান বলেন, তহবিলের অপব্যবহার এড়াতে ভর্তুকি পাবার যোগ্যতা সম্পন্ন প্রকৃত কৃষকদের শনাক্ত করতে কমিটি গঠন করা খুব জরুরি।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের এমপি সায়েদুল হক বলেন, দেশ যেহেতু এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সে জন্য সরকারের উচিৎ রাজস্ব ব্যয় কর্তন করা।
তিনি বলেন, জ্বালানি তেলের আরেক দফা মূল্য বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফিতির ওপর চাপ বাড়বে ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা বৃদ্ধি পাবে।
