বিমান এক বছরে অষ্টম দফায় সবজি রপ্তানির ভাড়া বাড়াচ্ছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ মে থেকে বিদেশে শাক-সবজি রপ্তানির ভাড়া বৃদ্ধি করতে যাচ্ছে। এক বছরে এ খাতে এ নিয়ে অষ্টম দফায় ভাড়া বাড়ছে।
সংশ্লিষ্ট রপ্তানিকারকদের আশঙ্কা, ভাড়া বাড়ানোর ফলে এ শিল্পে ধস নেমে আসবে। এছাড়া রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে যাবে।
রাজধানীর একটি হোটেলে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড এলিয়েড প্রডাক্ট এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন’ এ আশঙ্কা প্রকাশ করে।
সংগঠনের সভাপতি ফরিদ উদ্দিন আহামেদ জানান, টাকার অবমূল্যায়নের ফলে এমনিতেই গত পাঁচ বছরে এ সব পণ্যের বিমান ভাড়া ৩০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত বছর ১ মার্চ থেকে দফায় দফায় শাক--সবজি রপ্তানির ভাড়া বৃদ্ধি করায় ব্যবসায়ীরা এমনিতেই ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিনি জানান, এরমধ্যে বিমান কর্তৃপক্ষ এক নোটিশ দিয়ে তাদের জানিয়েছেন, আগামী ১ মে থেকে মধ্যপ্রাচ্যের দাম্মাম সেক্টরে শাক--সবজির পরিবহন ভাড়া এক দশমিক ১২ মার্কিন ডলারের স্থলে দুই দশমিক ১২ মার্কিন ডলার অর্থাৎ দ্বিগুণ এবং ইউরোপসহ অন্যান্য সেক্টরে ২৫ থেকে ৪০ শতাংশ বৃদ্ধির নির্দেশ দিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সম্ভাবনাময় এ রপ্তানি খাতের ওপর প্রস্তাবিত বর্ধিত ভাড়া প্রত্যাহার করার দাবি জানানো হয়।
