দক্ষিণ এশীয় অঞ্চলে ব্যবসার প্রসারে সাফটা কার্যকর ভূমিকা রাখবে: সার্ক মহাসচিব
সার্কের মহাসচিব চেনকায়েব দর্জি মঙ্গলবার আশা প্রকাশ করে বলেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) এ অঞ্চলের ব্যবসার প্রসারে কার্যকর ভূমিকা রাখবে।
অথনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এ চুক্তি সদস্য দেশগুলোর মধ্যে গতি সঞ্চারে সক্ষম হবে বলে তিনি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাফটার বিশেষজ্ঞ কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন।
শুল্ক হ্রাস ও শুল্কমুক্ত বাণিজ্যের ক্ষেত্রে বাধাগুলো কী ও তা কীভাবে দূর করা যায় এবং আগামী জুলাই মাস থেকে হ্রাসকৃত শুল্ক বাণিজ্য চালুর বিষয়ে আলোচনার উদ্দেশে সাফটা বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ বছরের জানুয়ারিতে সাফটা আইনগত বৈধতা লাভ করে।
বাংলাদেশের বাণিজ্য সচিব আব্দুল করিম বিশেষজ্ঞ বৈঠকে সদস্য দেশের প্রতিনিধিদের স্বাগত জানান।
বৈঠকে দর্জি বলেন, সাফটা চুক্তি বাস্তবায়নে আপত্তি নিষ্পত্তির দিক থেকে বিশেষজ্ঞ কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আব্দুল করিম বলেন, সাফটাকে লাভজনক করার ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে কাস্টমস কার্যক্রমের মধ্যে সমতা প্রতিষ্ঠা, পারস্পরিক পণ্যমান নিশ্চিতকরণ সংক্রান্ত চুক্তি, বিনিয়োগ সুবিধা বৃদ্ধি।
তিনি বলেন, স্বাক্ষরিত এ চুক্তিতে আমরা একসঙ্গে কাজ করে এ অঞ্চলের উন্নয়ন সাধনের পর্যাপ্ত সুযোগ রয়েছে।
শুল্কহ্রাস ও শুল্কমুক্ত বাধা এবং বাণিজ্যে সম্পর্কিত বিভন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলেও তিনি জানান।
সার্কভুক্ত সাতটি দেশের বাণিজ্য মন্ত্রীরা বৃহস্পতিবারে অনুষ্ঠিত সাফটার কাউন্সিল মিটিংয়ে অংশ নেবেন। সদস্য দেশগুলোর বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন।
আঞ্চলিক শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করার প্রক্রিয়াগত দিক নিয়ে কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সাফটা বিশেষজ্ঞ কমিটির বৈঠকে স্বাগতিক বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব একেএম ফজলুর রহমান।
অন্যদিকে কাউন্সিল মিটিংয়ের পাশাপাশি পাকিস্তান, ভারত ও মালদ্বীপের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর আলোচনার সম্ভাবনা রয়েছে।
