২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ঘাটতির ফলে নিটওয়্যার উৎপাদন কমেছে ৩০ শতাংশ

বিদ্যুৎ ঘাটতির ফলে নিটওয়্যার উৎপাদন কমেছে ৩০ শতাংশ। শিল্প মালিক নেতারা জানান, প্রতিদিন কমপক্ষে চারঘণ্টা উৎপাদন বন্ধ থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক এক সংবাদ সম্মেলনে শনিবার সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ঘাটতির ফলে নিটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদন চালিয়ে যেতে পারছে না।

নিটওয়্যার রপ্তানিকারকদের জন্যে শিগগিরই চার শ’ কোটি টাকা ক্যাশ ইনসেনটিভ ছাড় করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। কয়েক বছর ধরে এ টাকা বকেয়া পড়ে আছে। শিগগিরই তা পরিশোধ করলে বিদ্যুৎ ঘাটতির ফলে যে লোকসান হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও তিনি জানান।

শনিবারের এ সম্মেলনই হচ্ছে বর্তমান কমিটির শেষ সংবাদ সম্মেলন। নতুন কমিটি রোববার তাদের দায়িত্ব গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির সহসভাপতি হাবিবুর রহমান, আব্দুর রহমান, ফজলে শামিম এবং অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বর্তমান অর্থবছরে নিটওয়্যার রপ্তানি এক বিলিয়ন ডলার থেকে চার বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে বিকেএমইএ নেতারা আশা প্রকাশ করেন।

নিটওয়্যার খাতে বিদ্যুৎ ঘাটতি অব্যাহত থাকলে ব্যাচভিত্তিক উৎপাদন মান মারাত্মকভাবে বিঘিœত হবে বলে ফজলুল হক জানান।

বিকেএমইএ সভাপতি বলেন, গত ১৫ মাসে দেশে মোট ১৮৬টি নিটওয়্যার ইন্ডাস্ট্রি স্থাপিত হয়েছে। তারপরও আমরা ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা সাথে তাল মেলাতে পারছি না।

তিনি রপ্তানি নির্ভর এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাংক সুদের পরিমাণ কমানোর দাবি জানিয়ে বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিটওয়্যার উৎপাদনে দেশে আরও নিটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে তোলা প্রয়োজন।

বর্তমান অর্থবছরের প্রথম আটমাসে নিটওয়্যার রপ্তানি বেড়ে ২ হাজার ৩৬৯ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় তা ৩০ দশমিক ১৮ শতাংশ  বেশি।

বিকেএমইএ সূত্র জানায়, গত এক বছরে এ খাতে দেড় লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।