২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে আইটিজিএলডব্লিউএফ

আন্তর্জাতিক টেক্সটাইল, পোশাক ও চামড়া শ্রমিক ফেডারেশন (আইটিজিএলডব্লিউএফ) বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পে কাজের পরিবেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইটিজিএলডব্লিউএফ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে ব্রাসেলসভিত্তিক আইটিজিএলডব্লিউএফের সাধারণ সম্পাদক নিল কারনি বাংলাদেশের ক্রমাবনতিশীল নিরাপত্তা রেকর্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চলতি বছরে মাত্র দুই সপ্তাহ সময়ের মধ্যে চারটি ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। 

আইটিজিএলডব্লিউএফ বুধবার সাভারের স্পেক্ট্রাম ট্রাজেডির প্রথম বর্ষপূর্তি স্মরণ করতে গিয়ে বাংলাদেশের পোশাক শিল্পে কাজের পরিবেশের বিষয়টি আবারো সামনে চলে আসে। স্পেক্ট্রামে ভবনধসের ঘটনায় ৬৪ জন পোশাক শ্রমিক নিহত ও বহু আহত হয়।

চলতি বছরের ফেব্র“য়ারি ও মার্চ মাসে গার্মেন্টস কারখানায় চারটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কারণে বাংলাদেশের পোশাক শিল্পে কাজের পরিবেশের বিষয়টি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এসব দুর্ঘটনার জন্যে কাজের পরিবেশকে দায়ী করে অনেক ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিবাদ জানিয়েছে।

নিল কারনি তার চিঠিতে চট্টগ্রামের কেটিএস পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬১ জন শ্রমিক নিহত হওয়ার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি রাজধানীর তেজগাঁওয়ের বহুতল ফিনিক্স ভবনধসে ২২ জন শ্রমিক নিহত ও আরো অর্ধশতাধিক শ্রমিকের আহত হওয়ার কথাও বলেছেন।

তিনি লিখেছেন,  নিরাপদ কাজের পরিবেশ না থাকায় এসব দুর্ঘটনা আরো বেদনাদায়ক হয়ে উঠেছে।