২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপটিভ পাওয়ার কেনার নীতির খসড়া চূড়ান্ত

দীর্ঘ আলোচনার পর বুধবার বিদ্যুত বিভাগ ক্যাপটিভ পাওয়ার কেনার নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে চলতি মাসেই এই নীতি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এই নীতির আওতায় দেশে অব্যবহৃত থাকা ক্যাপটিভ বিদ্যুত উদ্যোক্তারা পাবলিক সেক্টর ইউটিলিটি (পিডিবি, আরইবি, ডেসা ও ডেসকো) কিংবা বেসরকারি ব্যবহারকারীদের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে।

এজন্যে সকল ক্যাপটিভ পাওয়ার উৎপাদনকারীকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছ থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। ক্রেতা বিক্রেতার আবেদনের প্রেক্ষিতে এর দাম নির্ধারণ করবে বিইআরসি।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, পাবলিক সেক্টর ইউটিলিটিগুলোর জন্যে বিইআরসি দাম নির্ধারণ করলেও এই দাম তাদের (ইউটিলিটিগুলোর) বিক্রি দামের চেয়ে ১০ শতাংশ কম হতে হবে। এই হিসেবে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের ক্রয় মূল্য দাঁড়াবে ১ টাকা ৯০ পয়সা।

অন্যদিকে ক্যাপটিভ পাওয়ার উৎপাদক তার বিদ্যুত বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে চাইলে তারা পাবলিক সেক্টরের সঞ্চালন এবং বিতরণ লাইন ব্যবহার করতে পারবে। এর জন্য হুইলিং চার্জ কত হবে এবং বেসরকারি উদ্যোক্তার জন্য বিদ্যুতের দাম কি হবে তাও নির্ধারণ করে দেবে বিইআরসি।

বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এক সভায় এই নীতির খসড়া চূড়ান্ত করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন, পিডিবি চেয়ারম্যান এ এন এম রিজওয়ান, পাওয়ার সেলের ডিজি বিডি রহমতউল্লাহ।

প্রতিমন্ত্রী অবশ্য ক্যাপটিভ পাওয়ার কেনার জন্য প্রক্রিয়া এখনই শুরু করতে পিডিবি এবং পাওয়ার সেলকে নির্দেশ দিয়েছেন। এতে নীতি চূড়ান্ত হওয়ার সাথে সাথে চুক্তি করে এই মওসুমে গ্রিডে ক্যাপটিভ পাওয়ার সরবাহ শুরু করা যাবে।

পাওয়ার সেলের এক নিরীক্ষা থেকে দেখা যায়, ৫০০ কিলোওয়াট থেকে তার বেশি ক্ষমতার পাওয়ার প্লান্টগুলোকে বিবেচনায় আনলে এই মুহুর্তে দেশে ক্যাপটিভ পাওয়ারের পরিমাণ ৭০০ মেগাওয়াট। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৪০০, চট্টগ্রাম অঞ্চলে ২০০, রাজশাহী অঞ্চলে ১০০ এবং খুলনা অঞ্চলে ৩০ থেকে ৩৫ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা আশা করছে এক মাসের মধ্যে নীতি চূড়ান্ত অনুমোদন পেলে এই বছরই কমপক্ষে ১০০ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার সিস্টেমে যোগ করা যাবে। আগামী বছরের শুরুর দিকে যোগ হবে আরো ১০০ মেগাওয়াট। 

ক্যাপটিভ পাওয়ার উৎপাদকরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবহারের অতিরিক্ত বিদ্যুত কিনে নেয়ার দাবি জানিয়ে আসছিলেন। সরকার প্রায় দু’ বছর আগে বিষয়টি নীতিগতভাবে মেনে নিলেও নীতিমালা না থাকায় ক্যাপটিভ পাওয়ার কেনা যাচ্ছিল না।

বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিডিনিউজকে বলেন, এই নীতি একদিকে পাবলিক সেক্টরে কিছু বিদ্যুত যোগ করবে বিনা বিনিয়োগে, অন্যদিকে চাহিদার অতিরিক্তি বিদ্যুত বিক্রি করার সুযোগ পেয়ে বিদ্যুত ইউনিটগুলোও আর্থিকভাবে লাভবান হবে।