৭ বহুজাতিক ও ৩ দেশি কোম্পানি রূপালী ব্যাংক কিনতে আগ্রহী
সাতটি বহুজাতিক ও তিনটি স্থানীয় ব্যাংক ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক কিনতে আগ্রহী বলে সোমবার প্রাইভেটাইজেশন কমিশন (পিসি) জানিয়েছে।
পিসি চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, সাতটি বহুজাতিক কোম্পানি ও তিনটি স্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এ ব্যাপারে আমরা মোট ১০ টি আগ্রহপত্র পেয়েছি।
এর মধ্যে স্থানীয় তিনটি, ওমান থেকে দুটি এবং নেদারল্যান্ডস, সৌদি আরব, মালয়েশিয়া, ভারত ও যুক্তরাজ্য থেকে একটি করে আগ্রহপত্র এসেছে।
সম্প্রতি পিসি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে রূপালী ব্যাংক কেনার ব্যাপারে আগ্রহপত্র আহ্বান করে। সোমবার ছিল আগ্রহপত্র জমাদানের শেষদিন।
আগ্রহপত্র জমাদানকারী বিদেশি প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওমানের স্যাবরে ব্যাংক, মাসক্যাট কনসোর্টিয়াম ও ব্যাংকমাসক্যাট; নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফাইনান্সিয়াল কোম্পানি, ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, মালয়েশিয়ার এমএএ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লিমিটেড, যুক্তরাজ্যের জেজে ফাইনান্স এবং সৌদিআরবের প্রিন্স বান্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সাউদ।
দেশি প্রতিষ্ঠানগুলো হচ্ছে ডমেস্টিক ইনভেস্টর্স কনসোর্টিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. এবং সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল লিমিটেড।
ইনাম আহমেদ বলেন, রূপালী ব্যাংক কেনার ব্যাপারে যে আগ্রহপত্র আমরা পেয়েছি সেগুলোর আইনি দিক ও মানের বিষয়টি বিবেচনা করে একটি তালিকা প্রস্তুত করা হবে।
পিসি আগামী তিনদিনের মধ্যে তালিকা প্রস্তুত করবে। তালিকা প্রস্তুতের পর আগামী ৩০ এপ্রিল থেকে ৪ মে’র মধ্যে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হবে। দরপত্রের সাথে অফেরতযোগ্য দুই হাজার ডলার প্রদান করতে হবে।
রূপালী ব্যাংক বেসরকারীকরণের ব্যাপারে রোড শো করায় বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। গত এক মাস ধরে পিসি এ রোড শো’র আয়োজন করে বলে ইনাম আহমেদ জানান।
রূপালী ব্যাংক কেনার ব্যাপারে ১৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিদেশি বিনিয়োক আকর্ষণে বিশ্বের পাঁচটি দেশে পিসি রোড শো করে। ওই রোড শো’র কারণে দশটি বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান রূপালী ব্যাংক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে বলে পিসি কর্মকর্তারা জানান।
পিসি চেয়ারম্যান জানান, এক্ষেত্রে এখন আর কোনও আইনি বাধা নেই এবং পিসি আশা করছে, আগামী ৩১ আগস্ট নির্বাচিত দরদাতাদের নাম ঘোষণা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, রূপালী ব্যাংকের বর্তমান জনবল ছাটাইয়ের ক্ষেত্রেও গোল্ডেন হেন্ডশেকের কোনও বিধান নেই।
রূপালী ব্যাংকে কর্মকর্ত জনবলের ৩৭ শতাংশের বয়স পঞ্চাশের বেশি। যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকরি ছাড়তে চাইবেন তাদের জন্য স্বেচ্ছা অবসরের বিধান কার্যকর হবে বলেও তিনি জানান।
দাতাদের পরামর্শে সম্প্রতি সরকার রূপালী ব্যাংকের ৬৭ শতাংশ শেয়ার বেসরকারী খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানের রূপালী ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ার সরকারের।
