চলতি অর্থবছরে বাজেটে বড় ধরনের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেল আমদানির ক্ষেত্রে ভর্তুকি দেওয়ায় লোকসানের মুখোমুখি হয়েছে।
আর এ কারণে চলতি ২০০৫--২০০৬ অর্থবছরের বাজেটে ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে চার শতাংশের নিচে রাখা সম্ভব হবে না। সে কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বাজেটে বেশি ঘাটতি দেখা দেবে বলে দাতাগোষ্ঠী আশঙ্কা প্রকাশ করছেন।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তার বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০০৬’ এ বলেছে, ঋণ করে বিপিসি এখন পর্যন্ত লোকসানি অর্থায়ন করেছে। আর এখন এটা পরিশোধ করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যদিও এটিকে এখন বাজেটের ঘাটতি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এডিবি বলেছে, রাজস্ব ঘাটতি মোট জিডিপির সাড়ে তিন শতাংশে সীমিত রাখা হয়েছে, যা কিনা অনুমিত ঘাটতির চেয়ে সামান্য কম। অবশ্য এটি সম্ভব হয়েছে উন্নয়ন খাতে যে ব্যয় ধরা হয়েছিল, তার চেয়ে কম ব্যয় হওয়ায়।
বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এডিবি বাজেটে বড় ধরনের ঘাটতি এড়িয়ে চলার জন্যে জ্বালানি তেলের দাম বাড়াতে সরকারকে গত কয়েক মাস ধরে চাপ দিয়ে আসছে।
বিশ্বব্যাংকের পরামর্শ মতে প্রতিবেশী ভারতের বাজারের সাথে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে গেলে সরকারকে স্থানীয় বাজারের শতকরা ৭৫ ভাগ দাম বাড়াতে হবে। বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক ক্রিস্টিন আই ওয়ালিক মঙ্গলবার সরকারকে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরামর্শ দেন।
জ্বালানি তেলের দামের ক্ষেত্রে তিনবার সমন্বয় আনার পরও ২০০৫ অর্থবছরে বিপিসিকে জিডিপির দশমিক আট শতাংশ বা ৫২০ মিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি দিতে হয়েছে। জ্বালানি তেলের দাম আর বাড়ানো না হলে ২০০৬ অর্থবছরে বিপিসিকে ৩৮০ মিলিয়ন মার্কিন ডলার লোকসান দিতে হবে বলে এডিবি জানিয়েছে।
