২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য, উচ্চ আমদানি শুল্কের কারণে চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে

আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য ও অধিক আমদানি শুল্কের যুক্তি দেখিয়ে শুক্রবার রাজধানীর বাজারের পাইকারি বিক্রেতা ও আমদানিকারকরা চড়া দামেই চিনি বিক্রি করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তবে খুচরা বাজারে চিনির দাম কয়েক দিন আগের তুলনায় কেজি প্রতি দুই থেকে চার টাকা কমেছে। মানের ওপর ভিত্তি করে বাজারে প্রতি কেজি চিনি ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এক দুইদিন আগে প্রতি কেজি চিনি ৬৪ টাকায় বিক্রি হয়েছে।

বাজার বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চাহিদার বিপরীতে কম আমদানি, আমদানির বিপরীতে উচ্চ শুল্ক ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে চিনির দাম বৃদ্ধি পেয়েছে।

রাজধানীর মৌলভীবাজারের চিনির বাজারের বিকে ইন্টারন্যাশনালের মালিক বিধান কুণ্ডু বিডিনিউজকে বলেন, কম লাভ হওয়ায় আমদানিকারকরা চিনি আমদানি করতে আগ্রহী না হওয়ায় নিয়মিত চাহিদার তুলনায় কম চিনি আমদানি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি, চিনি আমদানির ওপর ৭৩ শতাংশ কর ও মূল্য সংযোজন করের (ভ্যাট) কথা উল্লেখ করে তিনি বলেন, চিনি আমদানির ক্ষেত্রে আমরা যদি সকল বৈধ উপায় অনুসরণ করি তাহলে এখন কেজি প্রতি চিনির দাম পড়বে ৬৮ টাকায়।

বিধান কুণ্ডু বলেন, এক কেজি চিনি আমদানি করতে গিয়ে আমাদেরকে ২৭ টাকা শুল্ক পরিশোধ করতে হয়। সরকার বিদ্যমান করের হার হ্রাস করলে চিনির দাম কমে আসতে পারে বলে তিনি জানান।

সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে চিনির দাম কয়েক মাস আগের টন প্রতি ২৮০ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে সম্প্রতি ৪৯০ মার্কিন ডলার হয়েছে।

সরকারি সূত্র জানায়, বর্তমানে সকল চিনি কারখানা বার্ষিক চাহিদা সাড়ে ১২ লাখ মেট্রিক টনের বিপরীতে মাত্র এক দশমিক ২৫ লাখ মেট্রিক টন চিনি আমদানি করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৫--২০০৬ অর্থবছরের জুলাই-- ফেব্র“য়ারি সময়ে চিনি আমদানি পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ কমে গেছে। 

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাবুল মূল্যবৃদ্ধির জন্য একদল ব্যবসায়ী পরিচালিত সিন্ডিকেটকে দায়ী করেন। সরকার এসব লোকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চিনির দাম আরো বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের অপেন মার্কেট সেল (ওএমএস) বাজারে চিনির বর্তমান দামের ওপর কোন প্রভাব ফেলতে পারবে না। ওএমএস ব্যবস্থায় এক কেজি চিনি ৪১ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারে আলুর দাম কেজি প্রতি একটাকা বেড়েছে। পেঁয়াজ, রসুন, মুসুরের ডাল ও ভোজ্য তেলের দাম স্থিতিশীল রয়েছে। অধিকাংশ সবজির দাম কিছুটা কমেছে। তবে ব্রয়লার, গরু ও খাসীর মাংস কিছুটা উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে।