২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী টানাপোড়েন বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে বলে এডিবি’র ধারনা (বিস্তারিত)

আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েন ২০০৬--০৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি’র পরিমাণ দশমিক পাঁচ শতাংশ কমিয়ে দিতে পারে বলে ধারণা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এডিবি’র বার্ষিক প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০০৬ এ বিষয়টি তুলে ধরা হয়েছে। 

২০০৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগ ও ব্যবসায়িক ক্ষেত্রে যে অনিশ্চয়তা তার ওপর ভিত্তি করে জিডিপি ছয় শতাংশের মধ্যে থাকবে বলে এডিও’তে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বর্তমান অর্থবছরে তেল ও খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির পরিমাণ সাত দশমিক পাঁচ শতাংশ বাড়বে বলেও এডিবি’র এ প্রকাশনাটিতে উল্লেখ করা হয়।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানায়, জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা হলে মুদ্রাস্ফীতির পরিমাণ আরও বাড়তে পারে।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরে বৃহস্পতিবার একযোগে এডিও ২০০৬ একযোগে প্রকাশ করা হয়।

এবারের সংখ্যায় বাংলাদেশসহ ৩৪ টি উন্নয়নশীল সদস্য দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে একটি মূল্যায়ন তুলে ধরা হয়। এত ২০০৫--০৬ ও ২০০৬--০৭ অর্থবছরের প্রধান সামগ্রিক অর্থনৈতিক সূচকের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

এডিবি’র ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি হুয়া ডু ও প্রধান অর্থনীতিবিদ রেজাউল করিম খান এডিও ২০০৬ প্রকাশনা উপলক্ষ্যে এডিবি’র ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার বক্তব্য রাখেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং তৈরি পোশাক ও বস্ত্র কোটা পদ্ধতি উঠে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়া সত্ত্বেও ব্যাপক বিবেচনায় বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক বলে এডিবি জানায়।

এডিবি’র বার্ষিক প্রকাশনায় দারিদ্র্য বিমোচন তরান্বিত করতে অবকাঠামো উন্নয়ন, সুশাসন ও সরকার ব্যবস্থা জোরদারের মাধ্যমে বিনিয়োগ আকৃষ্ট করার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে।

এডিবি আরও বলেছে, আভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং বাইরের প্রভাবের কারণে অর্থনৈতিক সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে।

এডিও ২০০৬ এ সতর্ক করে বলা হয়েছে, ২০০৭ সালের জানুয়ারিতে নির্বাচনের কারণে সরকারের প্রধান কৌশলগত উদ্যোগগুলো সীমিত হয়ে পড়তে পারে।

হুয়া ডু সাংবাদিকদের জানান, বর্তমান অর্থবছরের শেষভাগে এসে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করবে এবং পরের বছর নবনির্বাচিত সরকার জোরালো উদ্যোগ গ্রহণের আগে কিছু সময় নেবে।

পার্শ্ববর্তী দেশগুলোর বাজার বিশ্লেষণের মাধ্যমে এডিও ২০০৬ প্রতিবেদনে দেখানো হয় যে, বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় তেলের দাম অত্যন্ত কম রয়েছে।

হুয়া ডু বলেন, কিছু সময় নিলেও সরকার জ্বালানি তেলের মূল্যের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর সামঞ্জস্য নিশ্চিত করবে বলে আমি মনে করি।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জ্বালানি তেলের মূল্যের ক্ষেত্রে ভর্তুকি প্রদানের ফলে বিদেশি ও আভ্যন্তরীণ ব্যাংকগুলোর কাছে ঋণের পরিমাণ বেড়েছে।

বর্তমান ও আগামী অর্থবছরে আমদানি ১৫ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে এডিবি পূর্বাভাস দিয়েছে। বর্তমান অর্থবছরের প্রথম পাঁচ মাসে যদিও তা মাত্র ১১ শতাংশ বৃদ্ধি পায়।

বর্তমান অর্থবছরের মতো পরবর্তী অর্থবছরেও চলতি হিসাবের ঘাটতির পরিমাণ একই থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে জিডিপি দশমিক আট থেকে একের মধ্যে থাকবে।

রপ্তানির ব্যাপারে এডিবি’র প্রতিবেদনে বলা হয়েছে। রপ্তানি ছিল তুলনামূলকভাবে শক্তিশালী। যদিও বর্তমান অর্থবছরের প্রথম অর্ধেকে নিটওয়্যার রপ্তানি ছিল ২৪ দশমিক সাত শতাংশ এবং ওভেন রপ্তানি ছিল এক দশমিক দুই শতাংশ। তবে সার্বিক রপ্তানি ছিল প্রায় ১২ থেকে ১৩ শতাংশ।

এডিও প্রতিবেদনে বলা হয়, জিডিপি’র ক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি সুদৃঢ় হলেও এটি এখনও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে রয়েছে।