বিকেএমইএ নির্বাচনে সম্মিলিত নিট ফোরামের নির্বাচনী ইশতেহার ঘোষণা
বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুপেকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে সম্মিলিত নিট ফোরাম বৃহস্পতিবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আগামী ৮ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মোহাম্মদ হাতেম আলীর নেতৃত্বে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়।
সম্মিলিত নিট ফোরামের নেতা মোহাম্মদ হাতেম আলী বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিকেএমইএ’র নির্বাচিত কোনো কমিটি ছিল না। এই প্রথমবারের মত গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে সংস্থাটির কমিটি গঠিত হতে যাচ্ছে।
তিনি বলেন, তাদের প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে তারা কাস্টমস বন্ড সিস্টেম, বেনাপোল স্থল বন্দরের বিভিন্ন সমস্যা ও ক্যাশ ইনটেনসিভসহ নানা সমস্যার সমাধান করবেন।
ফারাম নেতা ওয়ান স্টপ সেল প্রতিষ্ঠার কথাও বলেন।
ঢাকা ও নারায়ণগঞ্জের বিকেএমইএ কার্যালয়ে আগামী ৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেএমইএ’র ১০০৫ সদস্যের মধ্যে ৬১৩ জন ভোটার রয়েছে। নতুন কমিটি দুই বছরের জন্যে নির্বাচিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আব্দুস সোবাহান মিয়া, আনোয়ার হোসেন, বজলুর রহমান, হামিদুল হক এবং সৈয়দ হোসেন সরকার।
