২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানিমুখী খাতে বাধ্যবাধকতা নিশ্চিত করতে সরকারের প্রতি ইসি’র আহ্বান

ইউরোপীয় কমিশন (ইসি) বৃহস্পতিবার ভবিষ্যতে ক্রেতাদের আমদানি প্রত্যাহার এড়াতে রপ্তানিমুখী খাতে সামাজিক বাধ্যবাধকতা নিশ্চিত করতে শক্তিশালী পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ইসি এক সেমিনারে তৈরি পোশাক, চামড়া ও চিংড়ি শিল্পসহ বাংলাদেশের পাঁচটি রপ্তানিমুখী খাতের সামাজিক বাধ্যবাধকতার পরিস্থিতির ওপর পরিচালিত একটি যৌথ জরিপ প্রতিবেদন প্রকাশকালে এ আহ্বান জানায়। ইসি প্রতিনিধি জেনি ক্রিস্টেনসেন জরিপটি পরিচালনা করেন।

বিভিন্ন সামাজিক বাধ্যবাধকতা ইস্যু পরীক্ষা--নিরীক্ষার পর প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি পোশাক, চামড়া ও চিংড়ি শিল্পে বৈষম্য দূরীকরণ, শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, তাদের জীবনযাত্রার মানোন্নয়ন, ন্যূনতম মজুরি এবং পরিবেশগত প্রতিরোধ সংশ্লিষ্ট ইস্যুসহ প্রধান প্রধান সমস্যাগুলো এখনো রয়ে গেছে।

ঢাকায় ইসির প্রতিনিধি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এন্থনি গুডউইন সেমিনারে বলেন, সামাজিক বাধ্যবাধকতার ক্ষেত্রে অবহেলা স্বাস্থ্যকর রপ্তানি চিত্রটি ব্যহত করলে তা এ কটোর পরিশ্রম ও ব্যবসায়ী চেতনা দিয়ে গড়ে তোলা শিল্পটির জন্যে ক্ষতিকর হয়ে উঠবে। এ ধরনের পরিস্থিতি এড়াতে তিনি সরকারের শক্তিশালী ভূমিকার ওপর জোর দেন।

ঢাকাস্থ ব্র্যাক সেন্টারে ইসি ও নারী উদ্যোগ কেন্দ্র যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। ব্যবসায়ী সংগঠন, আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিবৃন্দ সেমিনারে যোগ দেন।

চট্টগ্রামের কেটিএস পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও ঢাকার তেজগাঁওয়ের পোশাক কারখানায় ভবনধসের ঘটনার প্রেক্ষিতে আমদানিকারকরা তাদের অর্ডার প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে যে সতর্ক করে দিয়ে আসছিলেন, এন্থনি গুডউইনের বক্তব্যে সে সুরই প্রতিধ্বনিত হয়েছে।

তিনি বলেন, সরকারের কিছু দায়িত্ব রয়েছে। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সামাজিক বাধ্যবাধকতার সংক্রান্ত ফোরাম ও অন্যান্য সংশ্লিষ্ট কমিটি সামাজিক বাধ্যবাধকতা পূরণে অবদান রাখতে পারে।

ইসি কর্মকর্তা বাধ্যবাধকতা সংশ্লিষ্ট ইস্যু নিশ্চিত করার জন্যে বেসরকারি খাত ও ব্যবসায়ী সম্প্রদায়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ইতিবাচক ভূমিকা রাখতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও ক্রেতাদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও বড় বড় পশ্চিমা ক্রেতাদের শুধু সামাজিক বাধ্যবাধকতার গুণাবলীর ওপর বক্তব্য রাখলেই চলবে না। এটি অর্জন করার জন্যে তাদেরকে সক্রিয়ভাবে তহবিল ও কারিগরি সহযোগিতার যোগান দিতে হবে।

এন্থনি গুডউইন ভবননির্মাণ আইনের কার্যকর বাস্তবায়ন এবং শ্রমিকদের আদর্শ স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

ঢাকা শিল্প ও বণিক সমিতির (ডিসিসিআই) সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে আমদানির অর্ডার প্রত্যাহার করে নেওয়ার হুমকি কোন ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে না। ক্রেতাদের সহযোগিতা তুলনামূলক ভালো ফলাফল বয়ে আনতে পারে।