সাফটা বৈঠকে বাংলাদেশের অবস্থান নির্ণয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ১৮ থেকে ২০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় আসন্ন দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলের (সাফটা) মন্ত্রিপরিষদ ও বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশের অবস্থান কি হবে তা নির্ধারণে কাজ করছেন।
সূত্র জানায়, বাণিজ্য সচিবের সভাপতিত্বে ঢাকায় বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতার জন্য বিশেষজ্ঞ কর্মকর্তাদের নির্বাচিত করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, সাফটার ঢাকা বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, সাত সদস্য দেশের মধ্যে আন্তঃআঞ্চলিক শুল্ক হ্রাস কার্যকর হওয়ার পথ এটি প্রশস্ত করবে।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে প্রতিটি সদস্য দেশের ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী যোগ দেবেন।
২০ এপ্রিল সাফটার মন্ত্রিপরিষদের বৈঠকে সাফটা চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা ও চূড়ান্ত করা হবে।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সাফটা মন্ত্রিপরিষদ সাফটা চুক্তির আওতায় বাণিজ্য উদারীকরণ কর্মসূচির (টিএলপি) সূচনার অগ্রগতি পর্যালোচনা করবে। টিএলপি সকল সদস্য দেশে ২০০৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, সাফটা মন্ত্রিপরিষদ সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটি হওয়ায় বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। আইনি কাঠামোর মধ্যে থেকে চুক্তি পরিচালনা, বাস্তবায়ন, সিদ্ধান্তগ্রহণ ও ব্যবস্থাগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ দায়িত্বপ্রাপ্ত।
টিএলপি দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে পাকিস্তান ও ভারত সাত বছর অর্থ্যাৎ ২০১৩ সালের মধ্যে শুল্ক শূন্য থেকে পাঁচ শতাংশ হ্রাস করবে। দ্বিতীয় ধাপে শ্রীলঙ্কা ও স্বল্পোন্নতভুক্ত (এলডিসি) অপর চার সদস্য দেশ ২০১৬ সালের মধ্যে সমপরিমাণ শুল্ক হ্রাস করবে।
