২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচার প্রতিরোধ আইন লঙ্ঘনের অপরাধে ইসলামী ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক

অর্থপাচার প্রতিরোধ আইন ২০০০ লঙ্ঘনের অপরাধে বাংলাদেশ ব্যাংক বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে। সরকারি সূত্রে এ তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সূত্র জানায়, ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ইসলামী জঙ্গিদের হিসাব থাকায় ও বেশ কয়েকবার সন্দেহজনক লেনদেন করার প্রেক্ষিতে বেসরকারি ব্যাংকটির বিরুদ্ধে ১৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের জারি করা কারণ দর্শাও নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ গ্রহণ  করে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, অর্থপাচার প্রতিরোধ আইন ২০০০ এর সাথে সম্পর্কিত নির্দেশনা লঙ্ঘন ইসলামী ব্যাংককে এ জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, সন্দেহজনক লেনদেনের সাথে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে ও সে অনুসারে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে কিছু নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, ১৬ এপ্রিলের মধ্যে জরিমানার টাকা জমা দিতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে।

অর্থপাচার প্রতিরোধ আইন ২০০০ এর ১৯ (৪) ধারার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের একজন মুখপাত্র বাংলাদেশ ব্যাংকের নির্দেশের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, পদক্ষেপ বিবেচনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক বরাবর ইসলামী ব্যাংক আবেদন করবে।

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কারণ দর্শাও নোটিশ পাওয়ার পর ইসলামী ব্যাংক সিলেট, সাভার ও গাজীপুর শাখার চার কর্মকর্তাকে বহিষ্কার করে এবং কর্তব্যে অবহেলার কারণে ১২জনকে অভিযুক্ত করে।

আটটি টেলিগ্রাফিক ছাড়পত্রের (টিটি) মাধ্যমে জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার দশমিক ১৫ লাখ টাকা ইসলামী ব্যাংকের গাজীপুর ও সাভার শাখা থেকে সিলেটের লালদীঘিরপাড় শাখায় সাইদুর রহমান নাম এক ব্যক্তির হিসাব নম্বরে পাঠানো হয়। 

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান আবদুর রহমানকে মার্চ মাসে তার সিলেটের গোপন আস্তানা থেকে গ্রেপ্তারের সময় সাইদুর রহমানের হিসাব বই উদ্ধার করা হয়।