২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারের দাম পতনের জন্য তারল্য সংকটকে দায়ী করেছে এসইসি, ডিএসই

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বুধবার এক বৈঠকে শেয়ার বাজারের ধারাবাহিক দরপতনের জন্য পুঁজিবাজারে তারল্য সংকটকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মধ্যে বুধবার অনুষ্ঠিত বৈঠক থেকে বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি ও পরিস্থিতির উন্নতি ঘটাতে ব্যাংকগুলোর জন্য স্ট্যাচুটরি লিকুইডিটি রিকোয়ারমেন্ট (এসএলআর) ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানানো হয়।

এসইসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে পুঁজিবাজারের পতনকে আশঙ্কাজনক বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, দাম পতনের পিছনে অনেক কারণ জড়িত।

বুধবার দিন শেষে ডিএসই’র সাধারণ সূচক ছিল ১৪২৪ দশমিক ৭১ পয়েন্ট, যা আগের দিন মঙ্গলবারের তুলনায় ১৭ দশমিক ২৫ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ কম। গত তিন মাসে সাধারণ সূচকের পতন ঘটেছে ২৫২ দশমিক ৬৪ পয়েন্ট বা ১৫ শতাংশ। এ সময়ে সকল শেয়ার মূল্য সূচক কমেছে ১৭৭ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা ১৪ শতাংশ।

ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বাজারে ভালো চাহিদা রয়েছে এমন শেয়ার পাওয়া যাওয়ার পরও শেয়ারের চাহিদা কম। পুঁজিবাজারের তারল্য সংকটের কারণে শেয়ারের দামের ক্ষেত্রে এ নিুগতির প্রবণতা দেখা দিয়েছে।

তিনি বলেন, অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিট রিসিটের (এফডিআর) ওপর তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে। সরকারও ২০০৫ সালের ডিসেম্বরে সেভিংস স্কিমের ওপর সুদের হার দেড় শতাংশ বৃদ্ধি করে।

ডিএসই’র সিইও আহমেদ বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজার সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ব্যাংকিং খাতে তারল্য সংকট থাকায় তারা আজকাল বাজারে অর্থলগ্নি করছেন না।

তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারের দরপতনের সাথে সামঞ্জস্য রেখে তাদের গ্রাহকদের প্রান্তিক হিসাবের (মারজিন অ্যাকাউন্টস) সমন্বয় করছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার ক্রয় করতে প্রান্তিক হিসাব ব্যবহার করে।

এসইসি ও ডিএসই বৈঠকে বিনিয়োগবান্ধব নিয়ন্ত্রণ প্রণয়ন ও শনিবার শেয়ার ব্যবসা শুরু করা ব্যাপারে আলোচনা হয়। প্রাথমিক শেয়ারের ক্ষেত্রে প্রয়োগ করতে কোটা পদ্ধতির পুনর্গঠন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসই সভাপতি আব্দুল্লাহ বোখারী ও সহসভাপতি আহমদ রশিদ লালি উপস্থিত ছিলেন।