প্লাস্টিক সামগ্রীর ব্যবহার ৫৫ শতাংশ বেড়েছে
পলিথিনের ব্যাগ বাজারে আবার সহজলভ্য হয়ে উঠায় গত এক বছরে বিকল্প শপিং ব্যাগের সরবরাহ ও ব্যবহার ৫৫ শতাংশ কমেছে।
পরিবেশ বিশেষজ্ঞ ও বিকল্প ব্যাগ উৎপাদক সমিতি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, যথাযথ আইন ও তদারকির অভাবে নিষিদ্ধ প্লাস্টিক ও পলিথিন সামগ্রীতে পুনরায় বাজার সয়লাব হয়ে যাচ্ছে।
তারা বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন সামগ্রী ২০০২ সালে নিষিদ্ধ করা এবং পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সরকারের পরিচালিত অব্যহত অভিযানের ফলে পরিস্থিতি অনেকটাই অনুকূলে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরবর্তীতে সরকার এ ব্যাপারে ধারাবাহিকতা বজায় রাখেনি।
‘প্লাস্টিক ও পরিবেশ: বর্তমান পরিস্থিতি ও প্রতিকার’ শীর্ষক পুস্তকের প্রকাশনা উপলক্ষ্যে ডব্লিউবিবি ট্রাস্ট (ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ) এবং আইপিএসইউ (ইনস্টিটিউট অ্যান্ড পলিসি সাপোর্ট ইউনিট) যৌথভাবে জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, পলিথিন ব্যাগ ও মাত্র একবার ব্যবহারের উপযোগী প্লাস্টিক সামগ্রীসহ মারাত্মক ক্ষতিকর দ্রব্য ও সামগ্রী ব্যবহারে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।
ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক অমিত রঞ্জন দে বলেন, এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে পরিবেশের জন্য ক্ষতিকর কেমিক্যাল উৎপাদনকারী পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেওয়া। এতে করে প্রচুর জ্বালানি খরচও কমানো যাবে।
প্রকাশিত পুস্তকে বলা হয়েছে, শহরে বসবাসকারী প্রায় সবাই কোমল পানীয় ও মিনারেল ওয়াটারের প্লাস্টিকের বোতল কেনেন। এক হাজার লোকের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের ৯৬ শতাংশ প্লাস্টিকের বোতল ব্যবহার করে এবং ব্যবহার করে না মাত্র চার শতাংশ।
পরিবেশ বান্ধব শপিং ব্যাগ উৎপাদন সংগঠনের সদস্য খলিলুর রহমান বর্তমানে চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ ব্যবহারের মাত্রা ৫০ শতাংশের বেশি কমে গেছে বলে জানান।
ঢাকা ওয়াসার সাবেক প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ শীষ ও গবেষক আনিসুল কবিরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
