বিপিসিকে বাঁচাতে ডিজেলের মূল্যবৃদ্ধির পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক মঙ্গলবার চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) লোকসানের হাত থেকে বাঁচাতে ভারতে যে দামে ডিজেল বিক্রি হয় সে দাম পর্যন্ত ডিজেলের মূল্যবৃদ্ধি করতে সরকারকে পরামর্শ দিয়েছে।
তবে সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, ডিজেলের দাম আর একবার বাড়ানোর আগে সরকারকে অনেক বিষয় পরীক্ষা করে দেখতে হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ে মঙ্গলবার এম সাইফুর রহমানের সাথে বৈঠকের পর বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক ক্রিস্টিন আই ওয়ালিক বলেন, বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী ভারতের ডিজেলের বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ডিজেলের দাম বাড়াতে গেলে স্থানীয় বাজারে ডিজেলের দাম প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি করতে হবে।
ক্রিস্টিন ওয়ালিক বলেন, এটি বড় ধরনের দৃশ্যমান সংকট। এ মূহূর্তে মূল্যবৃদ্ধির কোন নির্দিষ্ট পরামর্শ না দিয়ে সমস্যাটি শণাক্ত করেছি মাত্র।
অর্থমন্ত্রীর সাথে বৈঠকে ওয়ালিকের পাশাপাশি বিশ্বব্যাংকের উর্ধ্বতন অর্থনীতিবিদ সন্দীপ মহাজন উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগিতা ঋণ (ডিএসসি-৩) ছাড় দেওয়ার শর্তাবলী বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে সন্দীপ মহাজন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
বৈঠকে তারা জ্বালানি, পানি ও ব্যাংকিং খাতে বিশ্বব্যাংকের তহবিলে পরিচালিত প্রকল্প, দুর্নীতি, সুশাসন ও রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক বলেন, বিপিসিকে বাঁচাতে ডিজেলের দামের সমন্বয় করা উচিত।
বিপিসির ঘাড়ে ৭,০০০ কোটি টাকার ঋণ রয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিশেষ করে সোনালী ব্যাংকের কাছ থেকে এ টাকা ঋণ নিয়েছে।
ক্রিস্টিন আই ওয়ালিক বলেন, তেল আমদানির জন্যে বিপিসিকে ঋণ দেওয়ার পর থেকে সোনালী ব্যাংক তারল্য সংকটে ভুগছে। সরকারও তেল আমদানির জন্যে বিদেশী ব্যাংকের কাছ থেকে বৈদেশিক মুদ্রা ধার করছে। এর ফলে ক্ষুদ্র অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে।
বিপিসিকে অব্যাহত লোকসানের হাত থেকে বাঁচাতে ভারতে যে দামে ডিজেল বিক্রি হয়, সে দাম পর্যন্ত বাংলাদেশে ডিজেলের দাম বৃদ্ধি করার ওপর ক্রিস্টিনা ওয়ালিক গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কম মূল্যের কারণে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে কেরোসিন পাচার করা হয়।
তিনি বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও ব্যাংকিংয়ের মতো খাতগুলো রাজনীতির বাইরে রাখা উচিত।
সূত্র জানায়, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ঋণ পরিশোধের জন্যে বেঁধে দেওয়া দু’টি সময়সীমা পেরিয়ে যাওয়ার পর থেকে বিপিসি তেল আমদানির ক্ষেত্রে ব্যাপক সংকটের মুখোমুখি হয়েছে।
১৬ মার্চের মধ্যে ১০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ না করায় আইডিবি ইতোমধ্যে বিপিসিকে ৩০,০০০ মার্কিন ডলার জরিমানা করেছে। সোনালী ব্যাংক আর কোনো ধরনের ঋণ দিতে রাজি না হওয়ায় বিপিসিকে ২১ মার্চ বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আইডিবি’র তিন দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।
বিপিসি ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ গ্রহণ করে। বিপিসিকে এপ্রিলের মধ্যে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার ও মে মাসের মধ্যে এক দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করতে হবে। আইডিবি ইতোমধ্যে বিপিসিকে সতর্ক করে দিয়ে বলেছে, সময় মতো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে তাদেরকে আরো জরিমানা করা হবে।
