একনেকে ১,৮৪৮ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন
জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ১,৮৪৮ কোটি টাকার সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং একনেকের বিকল্প চেয়ারম্যান এম সাইফুর রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল সম্মেলনকক্ষে মঙ্গলবার একনেকের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে -৭৫৫ কোটি টাকার ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, ৬৩১ কোটি টাকার নির্বাচিত বেসরকারি মাধ্যমিক স্কুলের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প এবং ৯৯ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ ৪৭টি স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প।
বৈঠকের পর এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রকল্পগুলোতে অনুমোদন দিচ্ছি।
বৈঠকে বৃহত্তর রাজশাহী অঞ্চলে ৬৩১ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ সরবরাহ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্যে কুয়েত, ওপেক তহবিল ও ভারত সরকার ১১২ কোটি টাকার যোগান দেবে।
৪২ কোটি টাকা ব্যয়ে জামালপুর- শেরপুর -বনগাঁও সড়কের ব্রহ্মপুত্র নদের ওপর ৪৫২ দশমিক ৬৮ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প, ৫৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু নদীর ওপর তৈলারদ্বীপ ব্রিজ প্রকল্প এবং ২২ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার জেলার মাধবপুর -রামচন্দ্রপুর -নাগেরকন্ঠি সড়ক উন্নয়ন প্রকল্প একনেকের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, পরিকল্পনা সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
