পরবর্তী অর্থবছরে এডিপি সংকুচিত হচ্ছে
দেশের অভ্যন্তরীণ ও বাইরে থেকে আসা সকল সম্পদের প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে ২০০৬-০৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ণের নির্দেশ দিয়েছে সরকার।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ বরাবর সম্প্রতি পাঠানো পরিকল্পনা কমিশনের চিঠিতে বলা হয়, ‘চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে ২০০৬--০৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’র নতুন কিছু প্রকল্প সংকোচন করা হবে’।
সূত্র জানায়, তহবিল সংকট এবং বড় প্রকল্পগুলোর যথাযথভাবে বাস্তবায়নের এর ঝুঁকি হ্রাস করতে সরকার পরবর্তী অর্থবছরের এডিপি সংকোচনের এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় খাতে সম্পদের বড় আকারের ঘাটতির কারণে, চলতি অর্থবছরের ২৪ হাজার পাঁচ’শ কোটি টাকার এডিপি’র আট ভাগ কাটছাঁট করা হবে বলেও সরকার গত সপ্তাহে ইঙ্গিত দেয়। ২০০৬-০৭ অর্থবছরের এডিপি অবশ্যই দারিদ্য বিমোচন কৌশল পত্র (পিআরএসপি) এবং প্রস্তাবিত তিন বছর মেয়াদী বিনিয়োগ পরিকল্পনা (টিওয়াইআইপি)’র নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করা হবে।
এডিপি প্রস্তুত করার ক্ষেত্রে দারিদ্র বিমোচন, মানব সম্পদ উন্নয়ন, সড়ক ও পল্লী অবকাঠামো উন্নয়ন, পরিবেশের উন্নয়ন ও প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য এবং সুশাসনকে অগ্রাধিকার দেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বলেন, সরকার সকল বাস্তবায়নকারী সংস্থাকে উন্নয়ন কর্মসূচী প্রস্তুত ও এডিপির জন্য সম্পদ বরাদ্দের সময় কঠোরভাবে নীতিমালা অনুসরণ করার নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, প্রয়োজন হলে অগ্রাধিকার প্রকল্পগুলোকে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল দেওয়া হবে।
