২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ’র অগ্নিনিরাপত্তা কর্মসূচি শুরু শনিবার থেকে

রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্প খাতে অগ্নিকাণ্ড এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)’র অগ্নি ও নিরাপত্তা বিষয়ক ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শনিবার থেকে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বিজিএমইএ’র নিরাপত্তা শাখার উপ-সচিব গিয়াস উদ্দিন ভূইয়া বলেন, নিরাপত্তা, শ্রমিক ও কম্প­ায়েন্স শাখার ৪০ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত ১০টি দল, ঢাকা ও চট্রগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালানোর মাধ্যমে তাদের কাজ শুরু করে।

তিনি বলেন, তিন মাসের মধ্যে আমাদের টিম পর্যায়ক্রমে প্রত্যেকটি গার্মেন্টস কারখানায় যাবে। এই টিম শুধুমাত্র অগ্নি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ই না, শিশু শ্রমের মত বিষয়ও পর্যবেক্ষণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজিএমইএ’র নিরাপত্তা শাখার নির্বাহী গাঙ্গুলী শ্যাম শংকর বলেন, এই কর্মসূচির আওত্তায় অগ্নি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়-- যেমন ৪৫ ইঞ্চি বিশিষ্ট বিকল্প নির্গমন পথ, প্রতি হাজার বর্গফুটের জন্যে একটি করে অগ্নিনির্বাপন যন্ত্র, হোসপাইপ, চারটি বালতি, ৪৫ লিটারের ড্রাম এবং কারখানার প্রতিটি ফ্লোরে ছয়জন করে অ্যাপ্রোনধারী অগ্নিপ্রশিক্ষিত শ্রমিক রাখার মত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি অগ্নি মহড়াও আয়োজন করা হবে।

বিজিএমইএ ইতোমধ্যে কারখানাগুলো পর্যবেক্ষণের জন্যে ফায়ার সার্ভিস প্রশিক্ষণ একাডেমির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং ২১ জন যুবককে নিয়োগ দিয়েছে।

প্রতিটি পর্যবেক্ষণ দল ক্যামেরাসহ কার্যক্রম পরিচালনা করবে বলে সূত্র জানায়।