২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি, ডিম, পিঁয়াজ, আদার  দাম আরও বেড়েছে

উৎপাদন ঘাটতি ও বেশি দামে আমদানীর কারণে রাজধানীর খুচরা বাজারগুলোতে শুক্রবার চিনি, ডিম, পিঁয়াজ, আদা এবং ময়দার দাম আরো বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 05:54 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

রাজধানীর বিভিন্ন খুচরা বিক্রেতাদের বাজারগলোতে ঘুরে দেখা গেছে গত তিন দিন যাবত চিনি, ডিম, পিঁয়াজ, আদা এবং ময়দা সপ্তাহের শুরুর তুলনায় বেশি দরে বিক্রি  হচ্ছে।

শ্যামবাজারের খুচরা চিনি বিক্রেতা পানা মিয়া বলেন, বাজারে চিনির সরবরাহ কম বলে কেজি প্রতি চিনির দাম চার টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। আমদানীকারকদের সিন্ডিকেট বাজারে চিনির দাম বাড়িয়ে দেওযার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

শুক্রাবাদ বাজারের জেনারেল স্টোরের মালিক জলিল বলেন, ডিমের হালি শুক্রবার পর্যন্ত ১৭ টাকায় বিক্রি হলেও এসপ্তায় এক টাকা বেড়েছে। ময়দা এবং হুইল ওয়াশিং পাউডারের দাম প্রতি কেজিতে যথাক্রমে এক টাকা ও দুই টাকা করে বেড়েছে।

তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ব্রয়লার মুরগি, গুড়ো দুধ, শিশু খাদ্য, ˜গ্ধজাত পণ্য, ভোজ্য তেল এবং ডালের দাম চলতি মাসের শুরু থেকে পর্যায়ক্রমে বেড়েই চলেছে।

পিঁয়াজ ও আদার দামে গত কয়েকদিনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে।

শ্যামবাজারের পাইকারি বাজারে  প্রতি পাঁচ কেজি পিঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে যা গত সপ্তায় ছিলো ৫০ টাকা। এছাড়া পাঁচ কেজি পাল্লার আদা বিক্রি হচ্ছে ২০০ টাকায় যা আগে ছিলো ১৩০ টাকা মাত্র। খুচরা বাজারে পেয়াজ বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকা দরে। এদিকে রাজধানীতে মধ্যম মানের চালের মূল্য অপরিবর্তিত রয়েছে।

সবজির বাজারে এক কেজি শিম ২৪ টাকা, বেগুন ২০ টাকা, ঢেঁড়স ২০ টাকা এবং কড়লা ২০ এবং কাচা মরিচ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।