গ্রামীণ বিদ্যুতায়নে সফল দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই বাংলাদেশ
গ্রামীণ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নে সফল দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। আর তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) একজন কর্মকর্তা এ কথা জানান।
ইউএসএইডের মিশন পরিচালক জেন ভি জর্জ বিডিনিউজকে বলেন, মালিকানার ধারণা ও ঝামেলামুক্ত সংযোগ ব্যবস্থার কারণে গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সফল হয়েছে।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে গ্রাহক পদ্ধতি জনগণের মধ্যে মালিকানার ধারণাটি সৃষ্টি করেছে। আর আদায়কৃত বিদ্যুৎ বিলের হারও খুব বেশি। বাংলাদেশের মতো করে ফিলিপাইন ও ভারতে চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) একমাসে সাড়ে পাঁচ মিলিয়ন বিল দেয়। ৯৫ শতাংশ বিল নির্ধারিত সময়ে পরিশোধ করা হয়। গ্রামভিত্তিক সরকারি সংস্থারগুলোর ব্যর্থতার কারণে অবশিষ্ট ৫ শতাংশ বিল আদায় হয় না।
ইউএসএইড মিশন প্রধান বলেন, আরইবি’র আওতায় নতুন সংযোগ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। ১৯৮১--১৯৮২ অর্থবছরে যেখানে সংযোগ গ্রহণকারীর সংখ্যা ছিল ২৫,৯৭২, সেখানে ২০০৩--২০০৪ সময়ে সংযোগের সংখ্যা দাঁড়ায় ৫ দশমিক ৫৯ মিলিয়ন। ১৯৯১--১৯৯২ ও ২০০১--২০০২ সময়ে সংযোগের সংখ্যা ছিল যথাক্রমে ৭৮৮,৯৬২ ও ৪ দশমিক ৮৫ মিলিয়ন।
তিনি বলেন, গ্রামে প্রতিদিন দুই হাজার নতুন সংযোগ দেওয়ার বিষয়টি অবশ্যই বিশাল ব্যাপার।
জেন জর্জ বলেন, ইউএসএইড গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা দিচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই কেবল প্রকল্পটি সমস্যার মুখোমুখি হচ্ছে। আরইবি তার গ্রাহকদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, সরকারের গৃহীত নীতির সাথে সামঞ্জস্য রেখে পৃথক প্রতিষ্ঠানকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের কাজ করতে হবে। আরইবি তার গ্রাহকদের জন্যে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না এবং বিদ্যুৎ বিতরণের জন্যেও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।
