অগ্নি নিরাপত্তা নিয়ে শিল্পপতিদের সাথে বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
দেশের শিল্পকারখানায় বিশেষ করে গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নি নিরাপত্তা নিয়ে শিল্পপতিদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে। সরকারি একটি সূত্রে এ খবর জানা যায়।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ২৯ মার্চের বৈঠকে যোগদান করতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতিকে অনুরোধ করেছে। অন্যান্য চেম্বার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে বৈঠকে যোগদানে একইভাবে অনুরোধ জানানো হবে বলে জানা গেছে।
সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে আসন্ন ওই বৈঠকে অগ্নি নিরাপত্তার সাথে জড়িত বিষয়াদি এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে শিল্প - কারখানার প্রতিরোধ উদ্যোগ সম্পর্কে আলোচনা করা হবে।
চট্টগ্রামে আরিনা গ্র“পের চারতলা কেটিএস কম্পোজিট গার্মেন্টস কারখানায় চলতি বছরের ২৩ ফেব্র“য়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৯ জন নিহত ও কমপক্ষে ১৫০ জন আহত হওয়ার পর সরকার পোশাক কারখানার নিরাপত্তা ইস্যু নিয়ে উদ্যোগী হয়।
সূত্র জানায়, ১৯৯০ সালের পর থেকে দেশে বিভিন্ন সময়ে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫০ জনেরও বেশি শ্রমিক নিহত ও ১,৫০০ জন আহত হয়েছে।
সূত্র আরো জানায়, নিরাপত্তা বিধি মেনে চলে না এমন শিল্পপ্রতিষ্ঠানকে চিহ্নিত করে শাস্তির বিধান করতে সরকার ১ এপ্রিল থেকে দেশব্যাপী অভিযানে নামার পরিকল্পনা করছে।
অগ্নি নিরাপত্তা নিবন্ধন ছাড়া এবং ‘আগুন প্রতিরোধ আইন ২০০৩’ ভঙ্গ করে কার্যক্রম পরিচালনা করছে এমন শিল্প প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দমকল বাহিনী ও সরকারি প্রতিরক্ষা দপ্তরের দল অভিযান পরিচালনা করবে।
