২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়নযোগ্য বিদ্যুৎ শক্তির মাধ্যমে দেশের চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব

নবায়নযোগ্য বিদ্যুৎ শক্তির মাধ্যমে সমগ্র দেশের মোট চাহিদার ৬০ ভাগ পূরণ করে দেশের চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব, শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সৌর ও বায়ো শক্তি উন্নয়নের বিষয় উল্লেখ করে তারা জানান, ইতিমধ্যে সমগ্র দেশে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলের প্রায় এক লাখ গ্রাহককে এই ব্যাবস্থার আওতায় আনা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র (আরইআরসি)’ এবং ‘বাংলাদেশ সৌরশক্তি সমিতি (বিএসইএস)’ যৌথভাবে আরইআরসি মিলনায়তনে ‘নবায়নযোগ্য বিদ্যুৎ-- বায়ো বিদ্যুতের উপর বিশেষ গুরুত্ব আরোপ এবং এর ব্যাবহার’ শীর্ষক কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে।

ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ব্যাপক সম্ভবনার কথা বিবেচনা করে নবায়নযোগ্য শক্তি কর্মসূচীর প্রতি সরকারি সমর্থনের নিশ্চয়তা দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, বিএসইএস’র সভাপতি অধ্যাপক মোহতাশাম হোসেন, আরইআরসি’র পরিচালক অধ্যপাক নিম চন্দ্র ভৌমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাহিদা রফিক।

বিএসইএস সভাপতি অধ্যাপক মোহতাশাম হোসেন বলেন, ২০২০ সালের মধ্যে বিশ্বের প্রাথমিক বিদ্যুৎ উৎপাদনের ২০ ভাগ বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য উৎস থেকে এবং ২০৫০ সালের মধ্যে এর পরিমান ৫০ ভাগে পৌছাবে।

সূর্য থেকে পাওয়া পর্যাপ্ত শক্তি, বায়ু শক্তি, বায়ো শক্তি এবং হাইড্রো পাওয়ার হলো নবায়নযোগ্য শক্তির মূল উপাদান।

প্রদর্শনীতে ব্রাক ফাউন্ডেশন, সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস), গ্রামীণ বিদ্যুৎ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, রহিম আফরোজ এবং বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্রগ্রাম সৌরশক্তি এবং বায়ো গ্যাস ডিভাইস উপস্থাপন করে।