২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার টার্মিনাল বাণিজ্যিকীকরণ করবে, বেসরকারিকরণ নয় : নৌমন্ত্রী

নৌমন্ত্রী আকবর হোসেন বুধবার বলেছেন, সরকার নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় না বরং বাণিজ্যিকীকরণ করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

নৌমন্ত্রী আকবর হোসেন টার্মিনালের কার্যক্রম পরিচালনায় বাণিজ্যিকীকরণের ব্যাপারে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের পার্থক্য ব্যাখ্যা করে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কাছে চিঠি লিখেছেন।

সচিবালয়ের পিআইডি সম্মেলনকেন্দ্রে বুধবার এক সংবাদ সম্মেলনে নৌমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা সম্পর্কে আমি তাকে (মেয়র) চিঠি লিখেছি। আমি আশা করি, আমাদের পরিকল্পনা টার্মিনাল বেসরকারিকরণ করার জন্যে নয়। যদি মেয়র চান, তাহলে বিষয়টি নিয়ে তার সাথে কথা বলতে আমি রাজি আছি।

মেয়র মহিউদ্দিন চৌধুরীর মন্তব্যের প্রেক্ষিতে নৌমন্ত্রীর অবস্থান ব্যাখ্যা করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেয়র সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে দেশের জাতীয় দৈনিক ও বার্তা সংস্থার সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় ঘোষণা দিয়েছিলেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনালকে বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৭৩৭ কোটি টাকা ব্যয়ে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে।

নৌমন্ত্রী আকবর মেয়রের চট্টগ্রাম বন্দর আইন ভঙ্গ সংক্রান্ত দেওয়া বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বাণিজ্যিকীরণ করা হলে তা বিদ্যমান আইনকে লঙ্ঘন করবে না।

মন্ত্রী বলেন, বিদ্যমান সরবরাহ, পরিচালনা ও ছাড়পত্র বিধির আওতায় সরকার দরপত্র আহ্বানের মাধ্যমে একটি দক্ষ সংস্থাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্যে নিয়োগ করবে।

তিনি বলেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বাণিজ্যিকীকরণ করা হলে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল লাভবান হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এএমএম শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।