চট্টগ্রামে গার্মেন্টস কারখানায় আগুন, ১৫ জন আহত, নিখোঁজ ২
চট্টগ্রামের ডাবলমুরিং থানার দেওয়ানহাটে মঙ্গলবার রাতে আবারো একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন দমকল বাহিনীর কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
এ ঘটনায় অন্তত: দুইজন গার্মেন্টস কর্মী নিখোঁজ রয়েছে বলে সহকর্মীরা দাবি করেছে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ভেতরে কোনো কর্মী থাকার সম্ভাবনা নেই।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় ছয়তলা উঁচু ‘ক্রিসল্যান্ড সোয়েটার ফ্যাক্টরি লিমিটেড’ নামে ওই গার্মেন্টস-এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন দমকল বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীররা জানায়, গার্মেন্টসটিতে সোয়েটার তৈরি হয়। আকস্মিকভাবে সেখানে আগুন লেগে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ১৩টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর সদস্যরা প্রায় ৬০০ জন গার্মেন্টস কর্মীকে নিরাপদে কারখানার বাইরে নিয়ে আসতে সক্ষম হয়।
প্রচণ্ড আগুন ও ধোঁয়ায় তিনজন দমকল বাহিনীর কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়। আগুন নেভাতে দমকল বাহিনীর আরো কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে আসার জন্যে খবর দেওয়া হয়েছে।
