টাটার প্রস্তাবে বিশ্লেষণী দৃষ্টি রাখছে বাংলাদেশ: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার নয়াদিল্লীতে বলেছেন, বাংলাদেশে ভারতীয় শিল্প গোষ্ঠী টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাবে তার সরকার বিশ্লেষণী দৃষ্টি রাখছে।
‘এটা জটিল এবং এর সাথে বিভিন্ন বিষয় জড়িত’ ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফআইসিসিআই) আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ভারতের রাজধানী নয়াদিল্লীতে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী সাইফুর এ সফরকালে টাটার দাবীকৃত কয়লা খনি, ভূমি বরাদ্দ এবং ২৫ বছরের গ্যাস বরাদ্দ বিষয়ে কোনও সমঝোতা নেই বলে উল্লেখ করেন।
তিনি বলেন, প্রস্তাবিত প্রকল্পের জন্য গ্যাসের মূল্যসহ মূল ইস্যুতে বাংলাদেশের আপত্তি থাকায় ভারতীয় বহুজাতিক শিল্পগোষ্ঠী টাটাকে তাদের সংশোধিত বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। টাটা গ্র“প এখন প্রস্তাব সংশোধন করছে এবং বাংলাদেশে টাটার কার্যক্রম শুরু করার আগে কমপক্ষে ২৩টি চুক্তি স্বাক্ষর করতে হবে।
