প্রধানমন্ত্রীর ভারত সফরকালে টাটার বিনিয়োগ ইস্যুতে আলোচনা করতে এডিবি’র পরামর্শ
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফরকালে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) রোববার বাংলাদেশকে পরামর্শ দিয়েছে।
সফররত এডিবির দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক কুনিও সেঙ্গার সাথে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বৈঠকের পর তিনি বলেন, এডিবি চায় প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হোক।
তিনি এডিবি প্রতিনিধি দলকে বলেন, এই ইস্যুটি নিয়ে এখনো প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়নি।
বৈঠকে এডিবির বাংলাদেশ প্রতিনিধি হুয়া দু উপস্থিত ছিলেন।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি, সংস্কার, বিনিয়োগ, যোগাযোগ এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা হয়।
সাইফুর বলেন, বাংলাদেশে আর্থ সামাজিক অবস্থা ও ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে আমাদেরকে টাটার আড়াইশ’ কোটি টাকার বিনিযোগ প্রস্তাব পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা বেশ বড়। এই পরিকল্পনার সাথে দেশের বেশ কিছু জটিল ইস্যু জড়িত।
তিনি বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে সরকারকে দেশের স্বার্থ দেখতে হবে। বাংলাদেশের জন্যে এটি একটি সুষ্ঠুচুক্তি হতে হবে।
কুনিও সেগা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে তার সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
