২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিনটি ঝুঁকিপূর্ণ গার্মেন্টস সরিয়ে নিতে বিজিএমইএ’র নোটিশ

রাজধানীর আরো তিনটি গার্মেন্টস ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। গার্মেন্টসগুলো হচ্ছে- মহাখালির রসুলবাগের ফেম গার্মেন্টস এবং সাভার বাইপাইলের আনজির অ্যাপারেলস ও বারী অ্যাপারেলস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 03:35 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বিশেষজ্ঞ পরীক্ষায় ওইসব গার্মেন্টস ত্র“টিপূর্ণ প্রমাণিত হওয়ায়  সেগুলো অন্যত্র সরিয়ে  নেওয়ার জন্য বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির (বিজিএমএই) থেকে মালিকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

রোববার বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সব তথ্য জানানো হয়।

মত বিনিময়কালে বিজিএমইএ নেতারা প্রচলিত শ্রম আইনের সংস্কার, তৈরী পোষাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন এবং গার্মেন্টস পল্লী স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম মোর্শেদী জানান, পোশাক শিল্পের সমস্যা চিহ্নিত ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা ১২টি বিশেষ টিম গঠন করেন। টিমগুলোর মধ্যে ১০টি ঢাকায় এবং দুটি চট্টগ্রামে কাজ করছে। এই টিমগুলো ২৫ ফেব্র“য়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত পরিদর্শন করেছে ঢাকার ১৬৯টি কারখানা।

এছাড়াও পোষাক শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করতে একটি ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। এর আওতায় ফায়ার সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে ৪০ জনের একটি দল তিন মাস কাজ করবে।

বিজিএমইএ নেতা  জানান, দুর্ঘটনা রোধে কারখানায় বিকল্প সিঁড়িসহ কমপক্ষে দুটি ফটক নির্মাণ করার জন্য তাদের পক্ষে থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তারা আরো নির্দেশ দিয়েছেন কারখানায় কাজ চলাকালে ফটক বন্ধ না করার।

তিনি জানান, কোনো কারখানায় এর ব্যতিক্রম হলে প্রথমে ১০ হাজার, দ্বিতীয় দফায় ৫০ হাজার টাকা জরিমানা এবং এরপরও ব্যতিক্রম হলে সমিতির সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে কারখানা মালিকদের এ শর্ত পূরণ করতে হবে।

বিজিএমইএ নেতা আব্দুস সালাম মোর্শেদী জানান, গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের জীবন বীমার ব্যবস্থা করা হয়েছে। এর কিস্তির টাকা দিচ্ছেন মালিকরাই। দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকরা ক্ষতিগ্রস্থ বা নিহত হলে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা করে পাবেন। এছাড়াও মালিকদের পক্ষ থেকে অতিরিক্ত ক্ষতিপূরণও তারা পেতে পারেন।

মতবিনিময়কালে তিনি আরো জানান, চট্টগ্রামের কেটিএস টেক্সটাইলে আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহত শ্রমিকদের পরিবারকে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জন শ্রমিকের পরিবার ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছে। ২৬ জনের ক্ষতিপূরণ বাবদ জনপ্রতি ২১ হাজার টাকা করে শ্রম আদালতে জমা দেওয়া হয়েছে।

তিনি জানান, কেটিএস গার্মেন্টস দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে মালিক ও বিজিএমইএ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। তাদের কর্মক্ষম হয়ে ওঠা পর্যন্ত সব ধরণের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে বিজিএমইএ নেতারা জানান, প্রচলিত শ্রম আইনে গার্মেন্টস কর্মীদের জন্য নিয়োগপত্র দেওয়ার কোনো বিধান নেই। তাই শ্রম আইনের ব্যতিক্রম করে তারা কোনো নিয়োগপত্র দিতে পারছেন না।

অপর এক প্রশ্নের জবাবে বিজিএমইএ নেতা সালাম মোর্শেদী জানান, দেশে এখন তৈরী পোষাক খাতে প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করছে। এ খাতে গত ২০ বছরে বিভিন্ন দুর্ঘটনায় ৪৬৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২২ জনের মৃত্যু হয়েছে ৯০’র দশকে। তবে স্বাধীনতার পর গত ৩৫ বছরে মোট হতাহতের কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই।