২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাই এয়ারওয়েজের হাতে বিমানবন্দর হস্তান্তরের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন চট্টগ্রাম মেয়র

বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ থাই এয়ারওয়েজের কাছে ছেড়ে দেওয়ার উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়েছে। বিদেশী সংস্থার কাছে বিমানবন্দর ছেড়ে দিতে স্বাক্ষরিত চুক্তির বিরুদ্ধে আইনি সহায়তা নিতে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদালতের শরনাপন্ন হওয়ার পরিকল্পনার প্রেক্ষিতে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমীর বড়–য়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

বাংলাদেশ বিমান পরিচালনা কর্তৃপক্ষের (ক্যাব) সাথে থাই এয়ারওয়েজের ২০০৫ সালের ১ ডিসেম্বরে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক বিমান সংস্থাটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণভার গ্রহণ করার কথা ছিল চলতি বছরের ১ ফেব্র“য়ারিতে। কিন্তু মেয়র মহিউদ্দিন চৌধুরী ও বিমান কর্মচারিদের ব্যাপক প্রতিরোধের কারণে নিয়ন্ত্রণ হস্তান্তরের তারিখ পরিবর্তন করে ১ মার্চ নির্ধারণ করা হয়েছিল।

এ ব্যাপারে মেয়র মহিউদ্দিন চৌধুরী শনিবার বিডিনিউজকে বলেন, চুক্তিটি ত্র“টিপূর্ণ এবং এটির বাস্তবায়ন জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেবে। বিমানবন্দর হস্তান্তর প্রক্রিয়া প্রতিরোধ করতে  আমি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি।

তিনি বলেন, বিমানবন্দর দেশের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। আর বিদেশী কোম্পানির কাছে এটি হস্তান্তর করার উদ্যোগের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

বিমানবন্দর হস্তান্তরের বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এক মাসের মধ্যে জানাতে থাই এয়ারওয়েজ বুধবার ক্যাব চেয়ারম্যানকে চিঠি দেওয়ার পর মেয়র আইনি সহায়তা নেয়ার ঘোষণা দিলেন।

সরকার ২০০৪ সালের ২৩ জুন ৬৫ কোটি টাকার বিনিময়ে ১০ বছরের জন্যে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালনাভার থাই বিমান প্রতিষ্ঠানটিকে প্রদান করে তাদের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নেয়।

চট্টগ্রাম মেয়র বলেন, আইনজীবীর সাথে পরামর্শ করতে আমি ২০ মার্চ ঢাকা যাচ্ছি। প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের সাথে পরামর্শ শেষে তার একজন উপদেষ্টা উচ্চ আদালতে রিট আবেদন দাখিল করবেন বলে মেয়র জানান।

বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো হলে থাই এয়ারওয়েজ দায়িত্বভার নিতে কোনো আগ্রহ প্রকাশ করবে না। আর এর ফলে পুরো হস্তান্তরের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

মহিউদ্দিন বলেন, পরিচালনার দায়িত্ব বিদেশী কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হলে বিমানবন্দরটি মাদক ও অস্ত্র পাচারের স্বর্গরাজ্যে পরিণত হবে।

এর আগে মেয়র বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত সুপাথ চিত্রানাকরুর সাথে এক বৈঠকে বিমানবন্দর হস্তান্তরের ব্যাপারে তার নিজের অবস্থান পরিষ্কার করে তুলে ধরেন। বিষয়টি নিয়ে আর না এগুতে মেয়র রাষ্ট্রদূতকে অনুরোধও জানান।

এ ব্যাপারে গঠিত স্টিয়ারিং কমিটির নেতা ও বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট সমিতির (বাপা) সাবেক সভাপতি ক্যাপ্টেন নাসিম বিডিনিউজকে বলেন, চট্টগ্রাম বিমানবন্দর বিদেশী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলে বিমান বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। বহির্বিশ্বে বিমানের লাভের পরিমাণ কমবে।

চুক্তি অনুযায়ী, থাই এয়ারওয়েজ যাত্রী সেবা, গ্রাউন্ড ইকুইপমেন্ট সেবা, কার্গো সেবা ও ক্যাটারিং সেবা - এই চারটি প্রাথমিক ক্ষেত্র পরিচালনা করবে। এছাড়া তারা বিমানবন্দর টার্মিনাল ভবন পরিচালনা, তত্ত্বাবধান ও তদারকি, র‌্যাম্প তদারকি, কার্গো তদারকি, বিমানবন্দর নিরাপত্তা এবং দেখাশোনা করবে।

চুক্তি মোতাবেক, থাই এয়ারওয়েজ কাজ শুরু করার প্রথম বর্ষে বাংলাদেশ সরকারকে সাড়ে তিন কোটি টাকা এবং চুক্তির বাকি সময়টিতে বছরে ১০ কোটি টাকা দেবে।