রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিএফ সুবিধার সিংহভাগই অব্যবহৃত
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি উন্নয়ন তহবিলের (ইপিএফ) আওতায় প্রদত্ত সুবিধার বড় একটি অংশ অব্যবহৃত রয়ে গেছে। সুবিধা পেতে আগ্রহী রপ্তানিকারকরা রপ্তানির ক্ষেত্রে ব্যবহৃত সংশ্লিষ্ট প্রয়োজনীয় দলিলপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এটি হয়েছে বলে জানা গেছে।
ইপিবি এর আগে হস্তশিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের রপ্তানিকারকদের প্রাথমিক কাজের মূলধন সরবরাহ করতে ইপিএফ’র আওতায় পাঁচ কোটি টাকার তহবিল গঠন করে। সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সংগৃহীত রপ্তানি অর্ডারের প্রেক্ষিতে এটি করা হয়।
ইপিবি কর্মকর্তারা বর্তমান তহবিলের প্রকৃত পরিমাণ সম্পর্কে উপাত্ত সরবরাহ করতে পারেননি। বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) অর্থনীতিবিদ ড. আতিউর রহমান ২০০৪ সালের ডিসেম্বরে যে জরিপ পরিচালনা করেছিলেন, তা থেকে তহবিল বৃদ্ধি পাওয়ার বিষয়টি জানা যায়। জরিপে তহবিল বৃদ্ধি পেয়ে আট কোটি টাকা হবে বলে সেখানে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট খাতের রপ্তানিকারকদের উৎসাহ দিতে সাড়ে চার শতাংশ সুদ ও দেড় শতাংশ ব্যাংক সেবা চার্জ ধার্য করে জামানত ছাড়া অর্থসহায়তা প্রদান সংক্রান্ত ইপিবি তহবিলটি গঠন করে। রপ্তানি অর্ডার সরবরাহ করার সময় পর্যন্ত (ম্যাচুরিটি পিরিয়ড) ইপিবি ঋণগ্রহণের অনুমোদন দিচ্ছে। জনতা ব্যাংক তহবিল সরবরাহ করবে।
ইপিবির পরিসংখ্যান থেকে জানা যায়, তহবিল গঠনের পর থেকে রপ্তানিকারকদের মধ্যে এক কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা ছাড় (বিতরণ) করা হয়েছে।
নিু ব্যবহারের হার প্রসঙ্গে জানতে চাওয়া হলে ইপিবির পরিচালক মনোজ কুমার রায় বিডিনিউজকে বলেন, ইপিএফ’র সুবিধা পেতে আগ্রহীদের নিকট থেকে আমরা রপ্তানি সংশ্লিষ্ট প্রয়োজনীয় দলিলপত্র পাইনি।
তিনি বলেন, প্রকৃত রপ্তানি দলিলপত্র না থাকায় তহবিল সুবিধা পেতে আগ্রহীদের আবেদন আমাদের প্রত্যাখ্যান করতে হয়েছে।
ইপিবি সূত্রে জানা যায়, তহবিল থেকে হস্তশিল্প রপ্তানিকারকরা মোট এক লাখ ৭০ হাজার টাকা পেয়েছে। চারটি হস্তশিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠান - ক্র্যাফ্ট ইন্টারন্যাশনাল, প্রিয়াঙ্কা বেনারসী, খান এন্টারপ্রাইজ ও জাহানারা কটেজ - এ সুবিধা পায়। কিন্তু একমাত্র ক্র্যাফ্ট ইন্টারন্যাশনাল ছাড়া বাকি তিনটি প্রতিষ্ঠান খেলাপি হয়ে গেছে।
তহবিলের ছাড়কৃত বাকি অর্থ বা এক কোটি ৩৫ লাখ টাকা পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্কিত দ্রব্য রপ্তানিকারকরা। প্রতিষ্ঠানগুলো হচ্ছে - ডি কোড লিমিটেড, ভিজ্যুয়াল সফ্ট এবং মিলেনিয়াম ইনফরমেশন।
ইপিবি ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ বিডিনিউজকে জানান, উল্লেখিত দুই খাতের চাহিদা ছিল কম। কিন্তু অন্যান্য সম্ভাবনাময় খাতের রপ্তানিকারকদের এতে অন্তর্ভূক্ত করা হলে তহবিল সুবিধা বি¯তৃত করা যাবে।
ঋণ খেলাপিদের সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সম্পাদক মোঃ শাহজালাল বলেন, দ্রুত ঋণ পরিশোধ করতে আমরা সদস্যদের নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, সদস্যদের মধ্যে নিু চাহিদার কারণে সুবিধা প্রদানের ব্যাপারে তারা আর সুপারিশ করছেন না।
নিজের পরিচালিত জরিপের কথা উল্লেখ করে ড. আতিউর রহমান বলেন, জনতা ব্যাংক ও ইপিবির কর্মকর্তাদের উদাসীনতার কারণে তহবিল ব্যবহারের হার অপেক্ষাকৃত কম।
তিনি বলেন, তহবিল ব্যবহারের হার বৃদ্ধি করার জন্যে সরকার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মতো একটি স্বাধীন কমিটি গঠন করতে পারে। এ ধরনের তহবিল পরিচালনা করতে সরকার যদি কোনো আধাসরকারি কমিটি গঠন করে, তাহলে রপ্তানিকারকদের সহায়তা করার উদ্দেশ্য অর্জিত হতে পারে।
বাংলাদেশ সফটওয়্যার ও ইনফরম্যাশন সিস্টেম সমিতির (ব্যাসিস) সভাপতি সরোয়ার আলম বলেন, প্রকৃত রপ্তানিকারকরা সুবিধা পেয়েছে।
