২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সংকট: সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের জেনারেটর চালাতে দিনে ৪০০ লিটার ডিজেল খরচ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এখনো পুরোপুরি শুরু না হলেও বিদ্যুৎ সংকটের কারণে জেনারেটর ব্যবহার করে এটিকে সচল রাখতে গিয়ে কর্তৃপক্ষকে প্রতিদিন ৪০০ লিটার ডিজেল খরচ করতে হচ্ছে। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) সূত্রে এ খবর জানা যায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সাবমেরিন ক্যাবল প্রকল্পের একজন কর্মচারি জানান, বিদ্যুৎ সরবরাহে সমস্যা থাকার কারণে জেনারেটরের সহায়তায় প্রতিদিন ১০ ঘন্টা করে স্টেশন সচল রাখতে হয়। এক ঘন্টা জেনারেটর চালাতে প্রয়োজন হয় ৪০ লিটার ডিজেল। এর ফলে জেনারেটরের জ্বালানির যোগান দিতে গিয়ে তাদেরকে প্রতিদিন ১২,০০০ টাকা ব্যয় করতে হয়।

তিনি বলেন, কক্সবাজার ও চট্টগ্রামের মধ্যে ১৫৬ কিলোমিটার দীর্ঘ অপটিক ক্যাবল স্থাপন এবং মাইক্রোওয়েভ সংযোগ বসানোর কাজ মার্চের মধ্যে সম্পন্ন হবে।

তবে বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারিরা জানিয়েছেন, পরীক্ষামূলক কারিগরি টেস্টসহ পুরো স্থাপনার কাজ ১৫ এপ্রিলের আগে শেষ করা সম্ভব হবে না।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৬৪০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে ১৭৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। মোট ব্যয়ের ৪৮৬ কোটি টাকা আসছে বিদেশী উৎস থেকে। অবশিষ্ট টাকার যোগান দিচ্ছে সরকার।

ল্যান্ডিং স্টেশনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা সম্পর্কে প্রকল্প পরিচালক প্রকৌশলী মনোয়ার হোসেন বিডিনিউজকে বলেন, কক্সবাজার ও চট্টগ্রামের মধ্যে অপটিক ক্যাবল বসানোর কাজ সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎ সরবরাহের জন্য বিকল্প উপায় খুঁজে বের করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাথে বৈঠক করা হবে।

নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাের জন্য আইসিটি ইনকিউবেটরের মতো বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে কিনা সে সম্পর্কে বিটিটিবি চেয়ারম্যান আব্দুল মালেক আখন্দ বলেন, জেনারেটর ব্যবহার করায় যে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তা হ্রাস ও ল্যান্ডিং স্টেশনে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সেরা সমাধানটি বের করার জন্য বিটিটিবি প্রকল্প কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবে। তবে তা শেষ পর্যায়ে থাকা প্রকল্পটি কাজ সমাপ্তের পর করা হবে বলে তিনি জানান।