২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের মধ্যে ভীতির কারণে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ও লেনদেন কমেছে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সাথে ব্যাংকিং সম্পর্ক রাখার অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের কারণ দর্শাও নোটিশ এবং কর্মচারি বহিষ্কারের ঘটনার প্রেক্ষিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ কমতে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, জঙ্গিদের হিসাব পরিচালনার সাথে জড়িত থাকার প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ব্যাংকটির ওপর জনগণের আস্থা হ্রাস পাচ্ছে। এ কারণে ব্যাংকটির শেয়ারের দামেরও পতন ঘটেছে।

ইসলামী ব্যাংকের নির্বাহী সভাপতি আব্দুর রকিব বলেন, আমরা বিষয়টিতে কড়া নজর রাখছি। শেয়ারের এ ধরনের দরপতন স্বাভাবিক। কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে যে কারণ দর্শাও নোটিশ দিয়েছে তার জন্য এটি ঘটেনি।

পরবর্তী বাণিজ্য দিবসে শেয়ারের দর বৃদ্ধি পাবে ও এর উন্নয়ন ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫ মার্চ ইসলামী ব্যাংকের শেয়ারের দাম পূর্ববর্তী দিনের তুলনায় দশমিক ৮৩ শতাংশ হ্রাস পায়। পূর্ববর্তী দিনের তুলনায় এদিন লেনদেনও হ্রাস পায়।

ডিএসইর বাণিজ্য পরিসংখ্যান থেকে জানা যায়, গত সপ্তাহে ইসলামী ব্যাংকের শেয়ার দাম আগের সপ্তাহের তুলনায় প্রায় এক শতাংশ হ্রাস পেয়েছে। ৯ মার্চ ব্যাংকটির শেয়ারের দাম ছিল ৪৩৯৯ দশমিক ৫০ টাকা। অথচ ১৬ মার্চ বৃহস্পতিবার শেয়ারের দাম ছিল ৪৩৫৯ দশমিক ৫০টাকা।

গুরুত্ব সহকারে ব্যাংক হিসাব পর্যবেক্ষণ না করার জন্য ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না-এই মর্মে বাংলাদেশ ব্যাংক ১৪ মার্চ ব্যাংকটিকে কারণ দর্শাও নোটিশ দেয়। জেএমবি প্রধান আব্দুর রহমানের সিলেটের গোপন আস্তানা থেকে পুলিশ ইসলামী ব্যাংকের চেকবই উদ্ধার করার পর কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি ব্যাংকটিকে এ নোটিশ দেয়।

বাংলাদেশ ব্যাংক জানতে পেরেছে, ব্যাংকিং নিয়মনীতি অনুসরণ না করে ইসলামী ব্যাংকের সাভার, গাজীপুর শাখা থেকে আটটি টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যেমে সিলেটের লালদিঘীরপাড় শাখায় চার লাখ ১৫ হাজার টাকা পাঠানো হয়েছে।

ডিএসই সহসভাপতি আহমদ রশিদ লালী বলেন, ২০০৫ সালের জন্য ইসলামী ব্যাংক লভ্যাংশ ঘোষণা করার যে কথা রয়েছে, তার কারণে তাদের শেয়ারের দাম খুব বেশি কমে যায়নি।

ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাউদ্দিন আহমেদ খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কারণ দর্শাও নোটিশ বিনিয়োগকারীদের মধ্যে মানসিক  প্রভাব ফেলেছে।

মনা ফিনান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম বলেন, ব্যাংকটির শেয়ারের দরপতনে স্বল্পমেয়াদে গুরুত্বপূর্ণ কোন প্রভাব না ফেলতে পারে।

তিনি বলেন, তবে জনগণের আস্থা হ্রাস পাওয়ায় দীর্ঘমেয়াদে ব্যাংকটির লাভের হার হ্রাস পেতে পারে।