২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বাণিজ্যের পরিবেশ সৃষ্টি ও রপ্তানিতে প্রতিযোগিতাপূর্ণ অবস্থান তৈরিতে জোর দিয়েছে ইসি

মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট (এমএফএ) পরবর্তী সময়ে টিকে থাকার জন্য সুষ্ঠূ বাণিজ্য পরিবেশ সৃষ্টি ও রপ্তানি প্রতিযোগিতা ত্বরান্বিত করতে ইউরোপীয় কমিশন (ইসি) বুধবার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দেশের বাণিজ্য বৃদ্ধি ও রপ্তানি প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ইসি শিপিং খাতের বিশেষ করে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের মানোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে।

বাংলাদেশ--ইউরোপীয় কমিশন যৌথ কমিশনের দুইদিনের বৈঠক শেষে উভয় পক্ষ যৌথভাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব বিষয়ে অবহিত করে।

অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইসমাইল জাবিউল্লাহ, ইসি’র এশীয়া ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের উপমহাপরিচালক হার্ভে জুয়াজো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রোইন জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

রপ্তানি বাজারে প্রতিযোগিতায় বাংলাদেশের টিকে থাকলে হলে শ্রমের মান এবং স্যোশাল কমপ্লায়ান্স বৃদ্ধির ব্যাপারে ইসি গুরুত্ব দেয় । পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টাকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সহায়তার করতে ইসি তার অঙ্গীকার রক্ষা করার কথা পুনর্ব্যক্ত করে।

ইসমাইল জাবিউল্লাহ বলেন, শ্রমের মান ও স্যোশাল কমপ্লায়ান্স এখন সকল পক্ষের প্রধান বিবেচ্য বিষয় হিসেবে চিহ্নিত। বাংলাদেশ এ ব্যাপারে তার অগ্রগতি সম্পর্কে ইসিকে অবহিত করেছে। শ্রম মানোন্নয়নে বাংলাদেশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

হার্ভে বলেন, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি করার জন্য রুলস অব অরিজিন শিথিল করার বিষয়টি বর্তমানে আমরা বিবেচনায় রাখছি।

যৌথ কমিশন দারিদ্র বিমোচনে প্রণীত জাতীয় কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে। ইসি ভবিষ্যতে বাংলাদেশের জন্য তার কান্ট্রি স্ট্র্যাটেজির ব্যাপারে একটি রূপরেখা বাংলাদেশকে দিয়েছে। ২০০৭ সাল থেকে ২০১৩ সালের মধ্যে এটি কাজ করবে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রেক্ষিতে উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়। ডব্লিউটিও’র সাথে সমঝোতার ক্ষেত্রে বাংলাদেশকে একটি স্বল্পোন্নত দেশ হিসেবেই ইসি বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাবে বলে সফরকারী প্রতিনিধি দল জানায়।

সুশাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যৌথ কমিশনের বৈঠকে ব্যাপক মতবিনিময় আলোচনা হয়েছে। সামাজিক উন্নয়ন, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, মানবাধিকার এবং সুশাসন নিয়ে বৈঠকের তৃতীয় সেশনে বিশেষ গ্র“পভিত্তিক আলোচনা হয়েছে।