২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শিল্পের সংকট দূরীকরণে শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

গার্মেন্টস শিল্প সম্পর্কে ওয়াকিবহাল বিভিন্ন মহল মনে করছেন, এই শিল্পের শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন ধরণের সমস্যা সমাধানে দেশে প্রচলিত শ্রম আইন বাস্তবায়ন করা জরুরি। তারা এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘শিল্প শ্রমিকদের কর্ম পরিবেশ নিরাপত্তা: আমাদের কি কিছু করনীয় নেই ?’ শীর্ষক এক নাগরিক সংলাপে এ শিল্পের সঙ্গে জড়িত গার্মেন্টস ও নিটওয়্যার মালিক সমিতি,  বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক, ট্রেড ইউনিয়ান, মানবাধিকার কর্মী এবং গবেষকরা ওই মন্তব্য করেন। সোমবার সিরডাপে আয়োজন করা হয় এ সংলাপের।

সিপিডি’র চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হক, নিটওয়্যার সমিতির সভাপতি ফজলুল হক, টেরিটাওয়্যাল সমিতির আনিসুজ্জামান, উপ -- পরিচালক শ্রম অধিদপ্তর কবির আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং কমপ্লাইন্স কমিটির সদস্য সচিব গোলাম হোসেন, কর্মজীবি নারীর শিরীণ আখতার, গামের্ন্টস শ্রমিক নাজমা আক্তার প্রমূখ। সিপিডি’র নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভটাচার্য সংলাপ পরিচালনা করেন।   

বক্তারা শ্রমিকের কর্ম পরিবেশ নিরাপত্তা ও স্বাস্থ্য, দুর্ঘটনায় আহত শ্রমিকের আর্থিক ক্ষতিপূরণের পরিমান,  পরিচয়পত্র, নিয়োগপত্র, বিকল্প সিড়ি, শ্রম আইনসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সুপারিশ প্রদান করেন।

তারা বলেন, শ্রমিক, মালিক, মানবাধিকার প্রথিষ্ঠান এবং সরকারের প্রতিনিধিসহ যৌথ মনিটারিং সেলের ওপর গুরুত্বারোপ করেন। 

দেবপ্রিয় ভটাচার্য বলেন, গার্মেন্টস শিল্পের স্বার্থ এবং ভাবমূর্তি রক্ষার্থে আমরা বিভিন্ন ফোরামে যথাযথভাবে এ শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরিনি। এ সব দ্বিধার কারণে আত্মঘাতি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, গত ১০ বছরে রপ্তানি আয় বিশ্লেষন করলে দেখা যায়, মোট বস্র রফতানী আয়ের মাত্র পাঁচ শতাংশ পেয়েছে এই শিল্পের শ্রমিকরা। অন্যদিকে মালিকরা পেয়েছে আট শতাংশ।

আনিসুল হক সভার বিভিন্ন অভিযোগ মেনে নিয়ে বলেন, ইতিমধ্যে আমরা ৫৩টি ঝুঁকিপূর্ণ গার্মেন্টস কারখানা চিহ্নিত করেছি। অথচ এ কারখানাগুলো স্থানান্তর করতে গিয়ে ১৬ হাজার শ্রমিকের সাময়িক কর্মচ্যূতি ঘটবে।

নাজমা আক্তরা বলেন, গার্মেন্টস মালিক, ট্রেড ইউনিয়ান নেতা ও নীতি নির্ধারকের দ্বৈত আচরনের কারণে এ শিল্প শ্রমিকদের তেমন উন্নয়ন ঘটেনি।

নাসরীন খন্দকার শুধু গার্মেন্টস নয় সকল শিল্পের জন্য কমিশনের গঠনের প্রস্তাব করেন।

শিরীণ আখতার বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের এখনো ভ্যানটিলেশন না থাকায় অগ্নিদ্বগ্ধ রোগিদের মৃত্যুর সম্ভবনা রয়েছে।

কবির আহমেদ চৌধুরী বলেন, দেশে ৪৯ টি শ্রম আইন রয়েছে। ২৭টি আইনকে একীভূত করে নতুন আইন প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে।     

দেশে প্রচলিত আইনগুলোর কোনো বাস্তবায়ন নেই। ফলে প্রতিনিয়তই বিভিন্ন সমস্যা জটিল আকার ধারণ করছে।