২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতির শুল্ক প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত স্বল্পমূল্যের পণ্য আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতির ওপর আরোপিত সকল শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধা দূর করার প্রস্তাব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

জেনেভাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নশীল দেশগুলো ওষুধের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং মেডিক্যাল যন্ত্রপাতির ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে থাকে।

যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা যৌথভাবে এ প্রস্তাব পেশ করে। এতে বলা হয়, এখনও বিশ্বের এক তৃতীয়াংশ লোক, বিশেষ করে দরিদ্র দেশের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সুযোগ নেই, আয়ুষ্কাল কম এবং রোগব্যধির হারও বেশি।

মার্কিন উপ বাণিজ্য প্রতিনিধি পিটার আলজাইয়ার বলেন, স্বল্পমূল্যের ওষুধ জরুরী হওয়া সত্ত্বেও অনেক দেশ ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে অনেক বেশি কর আরোপ করছে। এটি খুবই অমানবিক।

তিনি বলেন, ওষুধের ওপর শুল্ক আরোপ করার মাধ্যমে সরকারের রাজস্ব আয় যে খুব একটা বেশি হয়, তা নয়। তাই এসব দেশের উচিত ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা, যাতে জনগণ এসবের সুবিধা ভোগ করতে পারে। 

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বেশ কিছু শিল্পায়িত পণ্যের শুল্ক কমানোর ব্যাপারে যে আলোচনা অনুষ্ঠিত হয় তার নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র। ওই আলোচনায় যেসব দেশ ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদেরকে এ খাতের শুল্ক প্রত্যাহার করতে বলা হয়।

তাতে ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতি ছাড়াও কেমিক্যাল, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, বনায়ন পণ্য ও অন্যান্য পণ্যের ক্ষেত্রেও শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়।

২০০১ সালে দোহা উন্নয়ন ঘোষণায় বড় ধরনের আলোচনার পর থেকে শিল্পায়িত পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত ডব্লিউটিও’র আলোচনায় এ ব্যাপারে খুবই কম অগ্রগতি হয়েছে ।

ধনী দেশগুলো কৃষি ভর্তুকি না কমানো পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো অকৃষি খাতের শুল্ক কমাতে রাজি হচ্ছে না।