২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে অগ্নিদগ্ধ শ্রমিকদের চিকিৎসায় ব্যবস্থা নিয়ে শ্রমিক নিরাপত্তা ফোরামের অভিযোগ, বিজিএমইএ’র তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চট্্রগ্রামের কেটিএস কারখানার মুমূর্ষ গার্মেন্টস শ্রমিকদের দেখতে গিয়ে চিকিৎসা অব্যবস্থার অভিযোগ এনেছেন শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

দেশের প্রধানসারির ১৫টি মানবাধিকারভিত্তিক বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত ফোরামটির নেতৃবৃন্দ সোমবার দুপুরে হাসপাতালে আহত শ্রমিকদের দেখতে যান। ফোরামের সমন্বয়কারী ব্যারিস্টার হামিদা হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে আরও ছিলেন নারী নেত্রী শিরিন আখতার, ডা. কল্লোল চৌধুরী, আরিফা আক্তার প্রমুখ।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, তারা সরেজমিন গিয়ে দেখতে পান বার্ণ ইউনিটের আইসিইউ নিমার্ণধীণ হওয়ায় চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে। আহত গার্মেন্টস কমীদের শ্বাসনালী ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের পর্যাপ্ত অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে না।

শিরিন আখতার জানান, বার্ণ ইউনিটের আইসিইউ নতুন হওয়ায় বিভিন্ন ধরণের চিকিৎসা সমস্যা রয়েছে। আইসিইউতে ভ্যানটিলেশনের সমস্যা রয়েছে। অন্যদিকে অগ্নিদ্বগ্ধ গার্মেন্টস কর্মীদের শ্বাস-প্রশ্বাস গ্রহণে সমস্যা থাকায় অক্সিজেনের অভাব যে কোন সময়ে তাদের মৃত্যুর কারণ হযে দাঁড়াতে পারে।

পরে নেতৃবৃন্দ এ সমস্যা সমাধানের জন্যে তৎপর হন এবং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। উপস্থিত সাংবাদিকদের শিরিন আখতার বলেন, এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা হাসপাতালে আছি।

নেতৃবৃন্দ বিজিএমইএ সভাপতি টিপু মন্সীর কাছে এ সমস্যা সমাধানের দাবী জানালে বিজিএমইএ তাৎক্ষণিকভাবে চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ ব্যবস্থা করে।

বিজিএমইএ সূত্র জানায়, বিজিএমইএ আর্থিক তত্বাবধানে এসব রোগীদের চট্টগ্রাম থেকে আনা হয়েছে এবং সার্বিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।