হোটেল র্যাডিসন ধর্মঘট: ৫ সিনিয়র কর্মকর্তা বরখাস্ত
রাজধানী ঢাকায় নবনির্মিত পাঁচতারকা হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনের পাঁচ সিনিয়র কর্মকর্তাকে ২২ ফেব্রুয়ারি থেকে ধর্মঘট আহ্বান করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
সূত্র জানায়, ধর্মঘটে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হোটেলের বিভিন্ন ডেস্কের একজন ব্যবস্থাপক ও একজন সুপারভাইজারসহ পাঁচ সিনিয়র কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান সম্পর্কিত চিঠি প্রদান করা হয়েছে।
অবশ্য র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক সিলভিয়া বরখাস্ত সম্পর্কিত খবরের সত্যতা অস্বীকার করেন।
তিনি বলেন, তারা পদত্যাগ করেছে।
“এটি হোটেলের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ ব্যাপারে আমরা বেশি কিছু বলতে পারবো না,” তিনি মন্তব্য করেন।
সূত্র জানায়, একজন রিজারভেশন ব্যবস্থাপক, তিনজন সহকারি ব্যবস্থাপক ও ব্যবসা কেন্দ্রের একজন সুপারভাইজারকে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত তিন সহকারি ব্যবস্থাপকের একজন নাম গোপন রাখার শর্তে বিডিনিউজকে বলেন, কোন কারণ উল্লেখ ছাড়াই কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করেছে।
তিনি বলেন, চাকরি থেকে অব্যাহতির চিঠি পেয়ে আমরা হতবাক হয়েছি। আমরা বিদেশে লেখাপড়া করেছি ও জাতির জন্য কিছু করতে আমরা দেশে ফিরে এসেছি। কিন্তু আমরা কি প্রতিদান পেলাম?
অপর একজন বলেন, বরখাস্তের আদেশ পুরোপুরি অবৈধ।
আনুষ্ঠানিকভাবে হোটেল চালু হওয়ার মাত্র ১৮দিনের মাথায় ২৩ ফেব্রুয়ারি থেকে হোটেল ব্যবস্থাপনার কিছু অনিয়মের প্রতিবাদে হোটেলের ২১ জন কর্মকর্তা ও কর্মচারিরা ধর্মঘট আহ্বান করে কর্মবিরতি শুরু করে। পরের দিন আরো ২৩জন কর্মচারি ধর্মঘটে যোগদান করে।
তবে কর্তৃপক্ষ প্রকাশিত খবরকে গুজব হিসেবে আখ্যায়িত করে শুরু থেকেই ধর্মঘটের বিষয়টি অস্বীকার করেছে। তারা দাবি করে হোটেলের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে।
কর্তৃপক্ষ আরো জানায়, অভ্যর্থনা রিজারভেশন ও জনসংযোগ কর্মকর্তাসহ ডেস্কের তিন থেকে চারজন কর্মচারি অসুস্থতার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে অফিসে আসছে না।
আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে র্যাডিসন ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার পর র্যাডিসন ওয়াটার গার্ডেন গ্রাহকদের কাছ থেকে বেশ সাড়া পেতে থাকে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৫ ফেব্রুয়ারি হোটেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিশ্বের নামকরা হোটেল পরিচালনাকারীদের অন্যতম র্যাডিসন হোটেল অ্যান্ড রিসোর্ট বাংলাদেশসহ বিশ্বের ৬১ টি দেশে ৪৩৫ টির বেশি হোটেল পরিচালনা করছে।
বাংলাদেশে সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের (এসএইচডিএল) মালিকানাধীন এবং কার্লসন হোটেলস এশিয়া প্যাসিফিকের পরিচালনাধীন আটতলা বিশিষ্ট এ হোটেলটিতে পাঁচটি স্যুটসহ ২০৬টি কক্ষ রয়েছে। তাদের কর্মচারির সংখ্যা তিনশ’র মত।
