২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি গবেষণার বরাদ্দ ১০ গুণ বাড়াতে বললেন কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী এমকে আনোয়ার বলেছেন, আমদানির ওপর নির্ভরতা কমাতে কৃষি গবেষণার ক্ষেত্রে কৃষি জিডিপি’র বর্তমান বরাদ্দ দশমিক ২ শতাংশ থেকে দশগুন বাড়িয়ে ২ শতাংশ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক কর্মশালায় সোমবার মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘প্রবাদ রয়েছে যে, গরিবের কাছে ডালই মাংস। কিন্তু গরিবের এ মাংস এখন তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এমনকি তা ধনীদের কাছেও।’

মন্ত্রী বলেন, দেশ আমদানি নির্ভর হয়ে পড়ায় জনগণকে ডাল কিনতে হয় উচ্চ মূল্যে।

কৃষি পণ্যের আমদানি নির্ভরতা কমাতে কৃষি গবেষণার বরাদ্দ ১০ গুণেরও বেশি বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ইউনেস্ক্যোপ-ক্যাপসা’র সহায়তায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ‘ডাইভার্স এগ্রিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস ফর প্রোভার্টি অ্যালিভিয়েশন থ্রো প্রমোশন অব সেকেন্ডারি ক্রপস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

এমকে আনোয়ার বলেন, ৯০’র দশকে কৃষি রপ্তানি বেড়েছে ২ শতাংশ, কিন্তু আমদানি বেড়েছে ৯ শতাংশ।

তিনি বলেন, দরিদ্র কৃষকদের পক্ষে মোটা চাল, ডাল এবং মাটির নিচের সবজির মতো সেকেন্ডারি শস্য আবাদ করা সহজ। এগুলোর উৎপাদন বাড়ানোর মাধ্যমে দারিদ্র্য বিমোচন সহজ হবে।

শস্য বিভাজন সম্পর্কিত একটি গবেষণার ফলাফল উল্লেখ করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, খাদ্য শস্যের উৎপাদন বছরে ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে গত তিন দশকে সেকেন্ডারি শস্যের উৎপাদন বাড়ানোর মাধ্যমে শস্য বিভাজন ধীরে ধীরে কমে গেছে।

কৃষি সচিব কাজী আবুল কাশেম বলেন, কৃষকরা সেকেন্ডারি শস্য উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে না। অপরদিকে, কাঁচামালের অভাবে কৃষি ভিত্তিক প্লান্ট এখনও ব্যবহারের উপযোগী হয়নি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান এম নুরুল আলম এবং ইউনেস্ক্যাপ-ক্যাপসা’র পরিচালক ট্যাকো বোটেমা বক্তব্য রাখেন।