২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী মিজোরাম

ভারতের মিজোরাম রাজ্য সরকার রোববার প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্ভাব্য সকল ক্ষেত্রে বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপনের কাজ ত্বরান্বিত করার জন্যে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

সুব্রত আচার্য্য,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রির সাথে আলোচনাকালে রাজ্যের প্রধান সচিব হখুম হজেল, শিল্প ও উদ্যান বিদ্যা বিভাগ এবং মিজোরাম চেম্বার অব ট্রেড অ্যান্ড কমার্সের উর্ধ্বতন কর্মকর্তারা এ সংক্রান্ত এক কর্মপন্থা পেশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়।

কর্মকর্তারা কর্ণফুলী নৌ-বাণিজ্য পথটি পুনরায় চালুর ব্যাপারেও মত দেন। স্বাধীনতার আগে এ নৌ-পথটি এ অঞ্চলের রপ্তানি উন্নয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হতো।

তেলাবাং স্থল কাস্টমস বন্দর চালুর ব্যাপারে তারা বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপনে এ বন্দরের জন্যে কয়েক কোটি রূপি বরাদ্দ করা হলেও বাংলাদেশ তাদের ঠেংমুখ স্থল কাস্টমস বন্দর চালুর ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি।

কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও মিজোরামের ব্যবসায়ী সম্প্রদায় পারস্পরিক শিক্ষা সফরের মাধ্যমে এ দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা উভয় অঞ্চলের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছেন।

এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ ভিসা কেন্দ্র স্থাপনের চিন্তা ভাবনা করছে ভারত।