সিকিউরিটি বিধিমালা ভঙ্গের দায়ে স্কয়ারের জরিমানা
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশন স্কয়ার সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে সিকিউরিটি বিধিমালা ভঙ্গের দায়ে জরিমানা করেছে।
এসইসি ২০ ফেব্রুয়ারি এক পত্রে ওই প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে জরিমানার এক লাখ টাকা পরিশোধের আদেশ দেয়।
স্কয়ার সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের তিনজন স্টক ডিলারের প্রতিজন ছয়শটি করে শেয়ার ক্রয় করার লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাস্টমার একাউন্ট খুলে। এসইসি এক তদন্তের মাধ্যমে দেখতে পায়, তাদের কাস্টমার একাউন্টে তারিখ উল্লেখ নেই এবং তারা শেয়ার ক্রয়ের আদেশ বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কর্যকরে বিলম্ব করেছেন।
স্কয়ারের জেনারেল ম্যানেজার মাহমুদুল হকের উপস্থিতিতে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয় এবং এসইসি এ ব্যাপারে নিশ্চিত হয় যে, অভিযুক্ত প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবেই সিকিউরিটি বিধিমালা ভঙ্গ করেছে।
এসইসি জানিয়েছে, এটি একটি দণ্ডণীয় অপরাধ এবং আইনগতভাবেই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কয়ারের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।
