২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে ধসে পড়া ভবনে গার্মেন্টস্ কারখানার অস্তিত্ব অস্বীকার করেছে বিজিএমইএ

ঢাকার তেজগাঁওয়ে শনিবার যে ভবন ধসে ১০ জন নিহত হয়, সেখানে কোনো গার্মেন্টস্ কারখানা ছিল না বলে মত প্রকাশ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এদিকে নিহত কয়েক ব্যক্তির আত্মীয়-স্বজন জানিয়েছে, ধসে পড়া ভবনটির ৩য় ও ৪র্থ তলায় একটি ক্যাপ প্রস্তুতকারক গার্মেন্টস কারখানায় কর্মরত অবস্থায় তাদের স্বজনরা ওই দুর্ঘটনার স্বীকার হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই কারখানাটি ফিনিক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান। ক্রমান্বয়ে এটি গার্মেন্টস্ খাতের বাইরে তাদের ব্যবসা সম্প্রসারণ করে।

বিজিএমইএ’র একজন মুখপাত্র বলেন, তিন মাস আগে ভবনটিতে একটি গার্মেন্টস্ কারখানা থাকলেও বর্তমানে সেখানে এরকম কিছু নেই।

১৯৯০ সাল থেকে অগ্নিকাণ্ডসহ ২৩টি দুর্ঘটনায় ৩৫০জন গার্মেন্টস কর্মী নিহত হওয়ার প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কঠোর সমালোচনার সৃষ্টি হয় যে, গার্মেন্টস্ কর্মীদের জন্যে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে না। তেজগাঁওয়ের দুর্ঘটনার পর বিজিএমইএ এ কারণেই সেখানে গার্মেন্টস কারখানার অস্তিত্ব অস্বীকার করছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে দেখা যায়, লাভলী (৩০) নামে এক মহিলা হন্তদন্ত হয়ে ধসে ভবনের ভেতরে ঢুকতে চাইছে তার ভাই রিপন ও বোন হোসনাকে খোঁজার জন্যে, যারা ওই ভবনে একটি গার্মেন্টস কারখানায় কাজ করতো।

কোকিলা নামে মধ্য বয়সী এক মহিলা তার স্বামী ও ছোট মেয়েকে নিয়ে বাড্ডা থেকে এসেছে তার বড় মেয়ে আকলিমাকে ঘটনাস্থলে খুঁজতে। তারা জানায়, আকলিমার সঙ্গে ওই গার্মেন্টস্ কারখানার এক অপারেটরের বিয়ে হয়েছে।

এমন অনেককেই তাদের ওই গার্মেন্টস্ কারখানায় কর্মরত আত্মীয়-স্বজনদের খুঁজতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, ধসে পড়া ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলায় একটি হাসপাতালও ছিল।

নিচের তলাটি ফিনিক্স কোম্পানির শোরুম হিসেবে ব্যবহার করা হত। পরবর্তীতে সেটিকে একটি ওয়্যারহাউসে রূপান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ফিনিক্স গ্রুপের মালিকরা তাদের ব্যবসা বদলের সাথে সাথে ভবনের সাজসজ্জাও ঘন ঘন পরিবর্তন করতেন।